জুড়ী প্রতিনিধি::
মৌলভীবাজারের জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ভবানীগঞ্জ কাচাঁবাজারে একটি দোকানের পজিশন নিয়ে দুই পক্ষের পাল্টাপাল্টি মামলা উত্তেজনা বিরাজ করছে। এই দোকানের পজিশন ঘিরে স্বার্থ জড়িত থাকায় ইউনিয়ন পরিষদে মামলাও চলছে একটি। মামলার বাদী বিবাদীগণ বিষয়টিকে মৌলভীবাজার বিচারিক আদালত পর্যন্ত নিয়েছেন। এমনকি এখানে দোকানের বিষয় নিয়ে মারামারি, সংঘর্ষও হয়েছে। উভয়পক্ষই থানায় মামলা রেকর্ড করিয়েছেন।
এখানে দোকানপাটের পজিশন বিক্রি হয় স্ট্যাম্পে লিখে। যিনি বসে আছেন তিনি ছেড়ে যাবেন, আর যিনি ব্যবসা করবেন তিনি এই পজিশনে বসে দোকানদারি করবেন। এক একটি দোকানের পজিশন বিক্রি করা হয় চার পাঁচ লাখ টাকায়।
অনুসন্ধানে জানা যায়, সড়কও জনপদ এর উত্তর ভবানীপুর মৌজার জে.এল নং-২২, আরএস খতিয়ান নং-৩ এর ৩৩৭নং দাগে ২৮ শতক ভূমিতে গড়ে উঠা বেশ কিছু দোকান রয়েছে এখানে ।
রহস্য খোঁজতে গিয়ে জানা যায় ২০১৪ সালে জায়েদুল ইসলাম জায়েদ নামের এক ব্যক্তি একটি পোল্ট্রি দোকানের পজিশন আব্দুর রউফ নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর নিকট বিক্রি করে তাকে পজিশন বুঝিয়ে না দিয়ে নানারকম টালবাহানার মধ্যে দিয়ে সময় পার করে।
২০২১ সালের ২৪ ডিসেম্বর গোপনে আব্দুল খালেক নামের অপর পোল্ট্রি ব্যবসায়ীর নিকট ১৫ লক্ষ ৯২ হাজার ৬ শত ৮২ টাকায় বিক্রি করে দেয়। সেদিন থেকে রউফ ও খালেক পজিশনটির মালিকানা নিয়ে দ্বন্দ্বে জড়ায়। এখন আদালতই ফায়সালা করবেন কে প্রকৃত মালিক আব্দুর রউফ নাকি আব্দুল খালেক।
এ নিয়ে জুড়ী থানা থেকে উভয়কে ৫৪ধারায় নোটিশও দেয়া হয়েছে।

