সুরমার ঢেউ সংবাদ :: দেশসেরার মুকুট এখন মৌলভীবাজারের মাথায়! জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬-এ সারাদেশের সব প্রতিযোগীকে পেছনে ফেলে জাতীয় চ্যাম্পিয়ন হবাার গৌরব অর্জন করেছে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার খুদে শিক্ষার্থী মাহিমা ইসলাম। ঢাকার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে ১৬ জুন অনুষ্ঠিত চূড়ান্ত প্রতিযোগিতায় দেশের ৮টি বিভাগের সেরা ৮ জন প্রতিযোগীর মধ্যে মাহিমা প্রথম স্থান অধিকার করেছে।
মাহিমা কুলাউড়া উপজেলার করেরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর শিক্ষার্থী। দেশসেরা হবার পথটি ছিল মাহিমার এক অদম্য লড়াইয়ের গল্প। নিজের মেধার স্বাক্ষর রেখে সে প্রথমে ইউনিয়ন, এরপর উপজেলা, জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে তবেই ঢাকার জাতীয় মঞ্চে পা রাখে। সেখানেও নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখে সে চ্যাম্পিয়ন ট্রফি অধিকার করে নেয়। প্রতিযোগিতা শেষে জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাহিমার হাতে এ মর্যাদাপূর্ণ জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৬ পদক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক ও গণ শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
মাহিমার এ সাফল্যের পেছনে রয়েছে পারিবারিক অনুপ্রেরণা। সে কুলাউড়া উপজেলার প্রতাবী গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী মোঃ তৈমুল ইসলাম ও করেরগ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হালেমা আক্তারের কন্যা। উল্লেখ্য, মাহিমার মা হালেমা আক্তারও মৌলভীবাজার জেলার ‘শ্রেষ্ঠ গুণী শিক্ষক-২০২৫’ নির্বাচিত হয়েছিলেন। মায়ের পর এবার শ্রেষ্ঠত্ব অর্জন করলো মেয়ে।
মাহিমার এ জাতীয় শ্রেষ্ঠত্ব অর্জনের খবর জানাজানির পর থেকে পরিবার, বিদ্যালয় ও এলাকাবাসীর মধ্যে বইছে আনন্দের বন্যা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বইছে অভিনন্দনের জোয়ার। স্থানীয় বিশিষ্টজনেরা বলছেন, মাহিমার এ অসাধারণ অর্জন কেবল তার বিদ্যালয়ের নয়, পুরো মৌলভীবাজার জেলার জন্য এক অনন্য দৃষ্টান্ত। কুলাউড়া উপজেলার তথা মৌলভীবাজার জেলার ভবিষ্যৎ প্রজন্মকে পড়ালেখা ও সহ-শিক্ষা কার্যক্রমে বড় স্বপ্ন দেখতে উদ্বুদ্ধ করবে মাহিমার এ সাফল্য।

