সিলেট বিভাগে ২০২৪ সালে ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৫ জন এবং আহত ৭০৯ জন

সিলেট বিভাগে ২০২৪ সালে ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় নিহত ৩৭৫ জন এবং আহত ৭০৯ জন

সুরমার ঢেউ সংবাদ :: ২০২৪ সালে সিলেট বিভাগে ৩৫৯টি সড়ক দুর্ঘটনায় ৩৭৫ জন নিহত হয়েছেন এবং ৭০৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে সবচেয়ে বেশি মোটরবাইক চালক ও আরোহী। বিভাগের মধ্যে সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে সিলেটে। ১৪ জানুয়ারী মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে সিলেট জেলায় ১৫৫টি সড়ক দুর্ঘটনায় ১৫৭ জন নিহত ও ৩১৪ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৬৪টি সড়ক দুর্ঘটনায় ৫৬ জন নিহত ও ১০৮ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫৭টি সড়ক দুর্ঘটনায় ৬৭ জন নিহত ও ৭২ জন আহত হয়েছেন এবং হবিগঞ্জ জেলায় ৮৩টি সড়ক দুর্ঘটনায় ৯৫ জন নিহত ও ২১৫ জন আহত হয়েছেন। সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে মোটরবাইক চালক ও আরোহী ১৩৭ জন, সিএনজি, লেগুনা চালক ও যাত্রী ৮৫ জন। নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪২টি দুর্ঘটনায় ৬১ জন, পথচারী ৬৯ জন এবং বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ৩০ জন নিহত হয়েছেন।
সিলেট জেলার সড়ক দুর্ঘটনার মধ্যে সিলেট-তামাবিল সড়কে ২০টি দুর্ঘটনায় ৩১ জন, সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে ২২টি দুর্ঘটনায় ২৩ জন, সিলেট-জকিগঞ্জ সড়কে ১৩টি দুর্ঘটনায় ১৭ জন, দরবস্ত-কানাইঘাট সড়কে ৮টি দুর্ঘটনায় ৮ জন, গোয়াইনঘাট সড়কে ৭টি দুর্ঘটনায় ৫ জন নিহত হয়েছে। ২০২৪ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ২৮৭ জন পুরুষ, ৫৮ জন মহিলা ও ৩০ জন শিশু রয়েছে।
প্রতিবেদনে ২০২৩ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সিলেট বিভাগের সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতের সংখ্যা বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। ২০২৩ সালে সিলেট বিভাগে ২৯৪টি সড়ক দুর্ঘটনায় ৩৬১ জন নিহত ও ৪৬৪ জন আহত হয়েছিলেন।
নিসচা সিলেট-চট্টগ্রাম বিভাগীয় কমিটির সদস্যসচিব জহিরুল ইসলাম মিশু জানান, প্রতিবছরের মতো এবছরও সড়ক দুর্ঘটনার প্রতিবেদন তৈরি করা হয় স্থানীয় ৫টি দৈনিক পত্রিকা, দুটি জাতীয় দৈনিক পত্রিকা, ইলেকট্রনিক মিডিয়া, অনলাইন পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচার শাখা সংগঠনগুলোর রিপোর্টের ভিত্তিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *