সুরমার ঢেউ সংবাদ :: ঢাকার সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার এসআই আলতাব হোসেনকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আরিফুল ইসলাম। (আইটিভিডটকম)
জানা গেছে- গাড়ি পার্কিংকে কেন্দ্র করে আলতাব হোসেনের বাসার কাছে দুইপক্ষের বাগবিতণ্ডা চলছিল। এসময় তিনি এক ব্যবসায়ীর পক্ষ নিয়ে মাদকাসক্ত কয়েকজনের বিরোধিতা করলে মাদকাসক্তদের আক্রমণের শিকার হন।
স্থানীয়দের সূত্রে জানা গেছে- ৫ সেপ্টেম্বর শনিবার রাত ৮টার দিকে আমিনবাজারের মদিনা হাউজিং এলাকায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে মাদকাসক্ত কয়েকজনের সাথে তর্কে জড়ান এক ব্যবসায়ী। এর প্রতিবাদ করেন পুলিশের স্পেশাল ব্রাঞ্চের এসআই আলতাব হোসেন। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্তরা অতর্কিত চড়াও হয়ে আলতাব হোসেনকে পেটাতে থাকে।
তাকে উদ্ধার করতে তার ছোট ছেলে আরিফুল ঘটনাস্থলে এগিয়ে আসলে মাদকাসক্তরা তাকেও পিটিয়ে গুরুতর আহত করে। ঘটনার পর আহতদের সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক আলতাব হোসেনকে মৃত ঘোষণা করেন। সুরতহাল রিপোর্ট তৈরি করা পুলিশ সদস্য জানান- নিহতের কপালে ও বুকে গুরুতর জখমের চিহ্ন পাওয়া গেছে। হাসপাতালে আসার আগেই তার মৃত্য হয়। শেরে বাংলা নগর থানার এসআই জাহাঙ্গীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি নিহতের ছোট ছেলে আরিফুলের অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

