শ. ই. সরকার (জবল) :: মৌলভীবাজারে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল সফল করতে সুধীজন, গুণীজন, আলেম-উলামা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিদের নিয়ে মতবিনিময় ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে ২৬ নভেম্বর বুধবার সন্ধ্যায়। শহরের কোর্ট রোড চৌমোহনাস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী ইউসুফ আলীর সভাপতিত্বে ও ইনসানিয়া ট্রাস্টের সাধারণ সম্পাদক আব্দুর নুর ইমনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মতবিনিময় ও প্রস্তুতি সভায় প্রধান অতিথি ছিলেন ইনসানিয়া ট্রাস্টের চেয়ারম্যান আব্দুর নুর মোহন। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সভাপতি আব্দুল আলিম। আলোচক হিসেবে বক্তব্য রাখেন তাহরিকে খতমে নবুওয়্যাত মৌলভীবাজার জেলা আহবায়ক সাজ্জাদুর রহমান পিন্টু ও তাহরিকে খতমে নবুওয়্যাত সিলেট আহবায়ক কমিটির ভারপ্রাপ্ত সদস্যসচিব খায়রুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, তাফসীরুল কোরআন মাহফিল শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সমাজে শান্তি, ভ্রাতৃত্ব, নৈতিকতা ও মানবসেবার চেতনাকে শক্তিশালী করার অন্যতম মাধ্যম। বক্তারা মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রশাসনিক সহযোগিতা, অতিথি আমন্ত্রণ, নিরাপত্তা, জনসচেতনতা বৃদ্ধি, প্রচার-প্রচারণা এবং আয়োজনকে ঐতিহাসিকভাবে সফল করতে করণীয় বিষয়ে মতামত প্রদান করেন। সভায় ইনসানিয়া ট্রাস্ট, তাহরিকে খতমে নবুওয়্যাত মৌলভীবাজার ও সিলেটসহ সংগঠনের শীর্ষ নেতৃত্ব, সদস্যবৃন্দ এবং জেলার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় আয়োজকরা জানান, আগামীর তাফসীরুল কোরআন মাহফিলকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি মৌলভীবাজারবাসীর জন্য একটি অনন্য ধর্মীয় ও সামাজিক মিলনমেলায় রূপ নেবে বলে আশা করা হচ্ছে।

