সুরমার ঢেউ সংবাদ :: ঢাকার উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনার সময় ভবনটিতে ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির দিয়াবাড়ি ক্যাম্পাসের অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন। ২৮ জুলাই সোমবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে আয়োজিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনার সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন (সূত্র : জাগো নিউজ)। তিনি বলেন, প্রতিদিন ৮০ থেকে ৮২ শতাংশ শিক্ষার্থী উপস্থিত থাকে। সে হিসাবে সেদিন ভবনটিতে ৫৯০ জন শিক্ষার্থী উপস্থিত ছিল।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুর্ঘটনার পর আমাদের কাজ ছিল ইমিডিয়েট ছাত্রদের খোঁজ নেয়া। যারা হারিয়ে গেছে তারা অভিভাবকের কাছে পৌঁছেছে কি না। ওই সময় সিসি ক্যামেরার ফুটেজ নিয়ে নাড়াচাড়া করার অবকাশ ছিল না। আর, ওই সময়ে এটা আমাদের প্রায়োরিটি ছিল না। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই সময়ে কি কাজে আসবে ? ভবনটিতে ৭৩৮ জন শিক্ষার্থী আসা-যাওয়া করে জানিয়ে তিনি বলেন, আমাদের প্রথম কাজ ছিল এ ৭৩৮ জন অভিভাবকের সঙ্গে যোগাযোগ করা।
ভবনটিতে গ্রিল দেয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ছোট বাচ্চারা ক্লাস করে বলেই ওখানে গ্রিল দেয়া। নিয়ম মেনে স্কুল নির্মাণ করা হয়েছে কি না ? এ প্রশ্নের জবাবে অধ্যক্ষ জাহাঙ্গীর খাঁন বলেন, মাইলস্টোন ছাড়াও সেখানে অনেক শিক্ষাপ্রতিষ্ঠান আছে। মাইলস্টোন আলাদা বিবেচনায় প্রতিষ্ঠিত হয়নি। রাজউকের নিয়ম ও বেবিচকের আইন মেনেই ভবনটি করা হয়েছে। মেট্রোরেলের ভবনও মাইলস্টোনের ভবনের চেয়ে উঁচু মন্তব্য করে তিনি বলেন, পুরো এলাকাটায়ই আমাদের চেয়ে উঁচু ভবন আছে। পুরো এলাকাই হাইরাইজ ভবন দিয়ে ঢাকা। সব অনুমোদন নিয়েই নির্মাণ কাজ করা হয়েছে।

