সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে ব্যবসায়ী লক্ষণ পাল (৪০) হত্যামামলায় ৭ আসামীর যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় দিয়েছেন আদালত। ২৬ ফেব্রুয়ারী বুধবার মৌলভীবাজারের বিজ্ঞ সিনিয়র দায়রা জজ মো. খাদেম উল কায়েস এর আদালত এ রায় প্রদান করেন।
জানা যায়- হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার মুড়াকরি গ্রামে ব্যবসায়ী লক্ষণ পাল প্রায় ১৫ বছর যাবৎ শ্রীমঙ্গল শহরে ব্যবসা করে আসছিলেন। স্ত্রী পূর্ণিমা রানী পাল শিমুল (৩০) ও শিশুকন্যা সৃষ্টি রানী পাল (০৪)-কে নিয়ে তিনি শ্রীমঙ্গল কলেজ রোডের ভাড়া বাসায় বসবাসরত ছিলেন। বিগত ১২ মার্চ ২০২১ সালে তিনি ব্যবসার পাওনা টাকা আদায়ের জন্য রাজনগর উপজেলার আজাদের বাজার ও মোকামবাজার যান। ফেরার পথে আজাদের বাজার আসার পর আগে থেকে ওৎ পেতে থাকা হত্যাকারীরা ছদ্মবেশে যাত্রী সেজে তাকে বহনকারী সিএনজি অটোরিকশায় উঠে। এরপর আজাদের বাজার ও রাজনগরের মধ্যবর্তী স্থানে তাকে হত্যা করে তার ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে লাশ রাস্তায় ফেলে রেখে যায়। এ হত্যাকান্ডের ঘটনায় লক্ষণ পালের ভাই স্বপন পাল বাদী হয়ে রাজনগর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। রাজনগর থানার পুলিশী তদন্তে রবীন্দ্র দেবসহ ৭ জনের বিরুদ্ধে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় অভিযোগপত্র আদালতে দাখিল করেন। সাক্ষী প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ সিনিয়র দায়রা জজ খাদেম উল কায়েস এর আদালত আসামি রিয়াদ মিয়া, রবীন্দ্র দেব, জয়নাল আবেদীন, ইকরাম উদ্দিন, সবুজ মিয়া, জালাল মিয়া ও মাসুদ আহমদের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ডের রায় প্রদান করেন।

