রাজনগর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জুবের আহমদ চৌধুরীকে বহিষ্কার

মোহাম্মদ হায়দার :: মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য জুবের আহমদ চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের জন্য তাকে দলের প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩ ফেব্রুয়ারী বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নিশ্চিত করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়- এখন থেকে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তার সাথে কোন প্রকার যোগাযোগ না রাখার জন্য বলা হয়েছে। জুবের আহমেদ চৌধুরীকে দেয়া রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিস্কার পত্রে বলা হয়- দলে হানাহানি সহিংসতা সৃষ্টিসহ দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত থাকায় দলের গঠনতন্ত্র মোতাবেক আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিস্কার করা হলো।
অপরদিকে, এ বহিষ্কারের ঘটনায় দলীয় অনেকে ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেছেন মৌখিকভাবে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরিচয় গোপন রাখার শর্তে রাজনগর উপজেলা বিএনপির কয়েকজন কর্মী-সমর্থক বলেছেন- জুবের আহমদ চৌধুরীর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কার্যকলাপের অভিযোগ অবিশ্বাস্য। চালচলন, আচার ব্যবহার ও দলীয় কর্মকান্ডে তিনি বিএনপির একজন নিবেদিত প্রাণ ব্যক্তি। রাজনগর উপজেলায় বিএনপির নিবেদিত প্রাণ ৫ জনের নামের তালিকা করা হলে, এর মধ্যে জুবের আহমদ চৌধুরীর নামও থাকবে। এরকম একজন বিএনপির নিবেদিত প্রাণ ব্যক্তিকে দল থেকে বহিষ্কার দুঃখজনক। এ ব্যাপারে আহবায়ক কমিটির বহিস্কৃত সদস্য জুবের আহমদ চৌধুরীর বক্তব্য জানা সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *