সুরমার ঢেউ সংবাদ :: মানবাধিকার ইস্যুতে যুক্তরাষ্ট্রে যেসব ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে, তা তারা খতিয়ে দেখছে। দ্রুতই ভালো কোনো খবর পাবে বাংলাদেশ, বলেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। ঈদুল আজহার আগেরদিন ২৮ জুন বুধবার সিলেটে তার নিজ বাড়িতে অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বাংলাদেশ। তাই, সবাই বাংলাদেশকে ইজ্জত দিচ্ছে। সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশ ঘন ঘন বাংলাদেশ সফর করছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করতে আগ্রহী। তাই, যুক্তরাষ্ট্র থেকেও ঘন ঘন কর্মকর্তারা বাংলাদেশ সফর করছেন। ড. এ কে আব্দুল মোমেন বলেন- যুক্তরাষ্ট্র বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। তারাও চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যাতে আরও সুদৃঢ় হয়। বাংলাদেশও সব দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে ভারসাম্য পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী।

