সুরমার ঢেউ সংবাদ :: সিলেটে ১ হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল নির্মাণের উদ্যোগ বাস্তবায়নের লক্ষ্যে সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন চীনা বিনিয়োগকারী প্রতিনিধিদল। গত ৩ জুন বুধবার প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীকে সাথে নিয়ে প্রতিনিধি দলটি সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকা পরিদর্শন করেছে। সিলেট- ৪ (জৈন্তাপুর-গোয়াইনঘাট-কোম্পানীগঞ্জ) আসনে প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের জন্য উপযুক্ত স্থান নির্বাচন এবং প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে এ পরিদর্শন করা হয়।
এর আগে ২ জুন মঙ্গলবার হাসপাতাল নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করতে সিলেট সফরে আসেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। হাসপাতাল নির্মাণের সম্ভাবনা, বিনিয়োগ পরিকল্পনা এবং স্থান নির্বাচন বিষয়ে এদিন রাতে সিলেট সার্কিট হাউজে চীনা বিনিয়োগকারীদের সাথে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়।
চীনা বিনিয়োগকারী প্রতিনিধি দলের পরিদর্শনকালে সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম, কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রবিন মিয়া, কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকারসহ স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা বলেন- প্রকল্পটি বাস্তবায়িত হলে সিলেট অঞ্চলের স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের সূচনা হবে। উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা নিশ্চিত হবার পাশাপাশি দেশের উত্তর-পূর্বাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকট অনেকাংশে লাঘব হবে বলে আশা করা হচ্ছে।
স্থানীয়দের মতে, আন্তর্জাতিক মানের এ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে চিকিৎসার জন্য রাজধানীমুখী চাপ কমবে এবং সিলেটকে একটি আঞ্চলিক স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

