শ্রীমঙ্গল উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

শ্রীমঙ্গল উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় সীমান্ত নিরাপত্তা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত ২৫ জুন বৃহস্পতিবার । সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ, ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী কর্তৃক সম্ভাব্য পুশইন এবং মাদকের অনুপ্রবেশ প্রতিরোধে সচেতনতা সৃষ্টির উদ্দেশ্যে এ সভাটি অনুষ্ঠিত হয়েছে।
শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্ত্বে উপজেলার সীমান্তবর্তী সিন্দুরখান ইউনিয়নের হুগলিয়া হাজী মনছব উল্লা উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন, সিন্দুরখান বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) প্লাবন পালসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এলাকার সর্বস্তরের জনগণ।
বক্তারা বলেন- সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মাদক পাচার দেশের নিরাপত্তা এবং সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। এসব কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয় জনগণকে আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা কার্যক্রম পরিলক্ষিত হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য এলাকাবাসীর প্রতি আহবান জানানো হয়। পাশাপাশি সীমান্ত দিয়ে মাদকের অনুপ্রবেশ রোধে জনসচেতনতা বৃদ্ধি এবং প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে সর্বাত্মক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা আশা প্রকাশ করেন- প্রশাসন, বিজিবি, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় জনগণের সমন্বিত উদ্যোগের মাধ্যমে সীমান্ত এলাকায় অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মাদক পাচার কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *