আল আমিন আহমদ : মৌলভীবাজারের জুড়ী উপজেলার পূর্বজুড়ী ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচন সামনে রেখে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানিয়েছেন জুড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মতিউর রহমান চুনু। এ উপলক্ষে স্থানীয় বাসিন্দা, দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে মতবিনিময় করেছেন তিনি।
১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় দক্ষিণ বড় ধামাই এর নিজ বাড়ীতে আয়োজিত মতবিনিময় সভায় নিজের প্রার্থী হওয়ার আগ্রহের কথা জানান মতিউর রহমান চুনু। এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
যুবদলের যুগ্ম আহ্বায়ক ফয়ছল আহমদের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ফয়জুর রহমান বলু মিয়া।
সভায় স্বাগত বক্তব্যে নিজের রাজনৈতিক কর্মকাণ্ড, দলীয় দায়িত্ব পালন এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। মতিউর রহমান চুনু বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে দলের জন্য কাজ করতে গিয়ে তাঁকে একাধিক মামলা ও কারাবরণের মুখোমুখি হতে হয়েছে। তাঁর দাবি, বিগত সরকারের সময়ে তাঁর বিরুদ্ধে প্রায় ১১টি মামলা হয় এবং কয়েক দফায় তাঁকে কারাগারে যেতে হয়েছে।
তিনি বলেন, রাজনৈতিক পথচলায় এলাকার মানুষ, দলীয় নেতাকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেয়েছেন। তাঁদের আস্থা ও সমর্থনের কারণেই তিনি ইউনিয়ন পর্যায়ের দলীয় নেতৃত্ব থেকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্বে আসতে পেরেছেন বলে উল্লেখ করেন তিনি।
মতবিনিময় সভায় এলাকার বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথাও তুলে ধরেন মতিউর রহমান চুনু। তাঁর বক্তব্য অনুযায়ী, পূর্বজুড়ী ইউনিয়নের একটি সড়ক আরসিসি ঢালাইয়ের জন্য সরকারি বরাদ্দ পাওয়া গেছে। এ ছাড়া আরও প্রায় এক কিলোমিটার সড়ক উন্নয়নের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন পেলে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে বলে জানান তিনি।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সৌরবিদ্যুৎচালিত স্ট্রিট লাইট স্থাপন এবং এলাকার নিরাপত্তা জোরদারে ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।
চুনু বলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে গত ছয় মাসে তিনি যেসব উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন, চেয়ারম্যান নির্বাচিত হলে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ব্যাপকভাবে এলাকার উন্নয়নে কাজ করতে চান। তাঁর ভাষ্য, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের দায়িত্ব এবং চেয়ারম্যানের দায়িত্বকে সমন্বয় করে মৌলভীবাজার ১ বড়লেখা জুড়ী আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাসির উদ্দিন আহমেদ মিঠুর মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড এগিয়ে নিয়ে পূর্বজুড়ী ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রূপান্তরের উদ্যোগ নেওয়া হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার বিষয়ে স্থানীয় মানুষের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়েই তিনি পরবর্তী সিদ্ধান্ত ও কর্মকাণ্ড পরিচালনা করতে চান। জনগণের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে এলাকার উন্নয়ন এবং মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সভায় বক্তব্য দেন পূর্বজুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী আব্দুল মুহিত নামর, সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দিলাল উদ্দিন আহমদ এবং হাজী ইনজাদ আলী উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ ইমাদ উদ্দিন ইলাল। এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং দক্ষিণ বড় ধামাই এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

