শ্রীমঙ্গলে সড়কের কাজ দ্রুত শেষের দাবিতে মানববন্ধন

শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় পিচেরমুখ-মোহাজিরাবাদ সড়কের (গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ সংলগ্ন স্থান থেকে মোহাজিরাবাদ পর্যন্ত) কাজ দ্রুত শুরু ও নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পর্যটকদের চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এ সড়কের কাজ দীর্ঘদিন ধরে ঝুলে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
পর্যটন গ্রাম বালিশিরা পাহাড়ের সচেতন নাগরিকদের উদ্যোগে গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট এন্ড গল্ফ সংলগ্ন সড়কে ৪ অক্টোবর রোববার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন- পিচেরমুখ থেকে মোহাজিরাবাদ পর্যন্ত সড়কটি স্থানীয় বাসিন্দাদের যোগাযোগের পাশাপাশি রাধানগরসহ আশপাশের পর্যটন এলাকার জন্য গুরুত্বপূর্ণ। সড়কটির কাজ নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা থাকায় স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে তা শেষ করা না হলে জনদূর্ভোগ আরও বাড়বে।
মোহাজিরাবাদ গ্রামের বাসিন্দা রহমত মিয়া বলেন- সড়কটি পর্যটন এলাকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি উন্নত হলে স্থানীয় মানুষের যোগাযোগব্যবস্থা সহজ হবে এবং পর্যটন খাত আরও বিকশিত হবে। তাই কোনো ধরনের কালক্ষেপণ না করে দ্রুত কাজ শুরু ও শেষ করা প্রয়োজন।
রাধানগর পর্যটন গ্রামের উদ্যোক্তা ও ব্যবসায়ী তারেকুর রহমান পাপ্পু বলেন- রাধানগরসহ আশপাশের এলাকায় প্রতিবছর বিপুলসংখ্যক পর্যটক আসেন। সড়কের দূরবস্থার কারণে পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। পর্যটনের স্বার্থে সড়কটির কাজ দ্রুত শুরু ও শেষ করা প্রয়োজন।
মানববন্ধনে বক্তারা ঠিকাদারের দায়িত্বহীনতার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা আবুল হাশেম, সালাহ উদ্দিন আইয়ুবী, শামসুদ্দিন ও জাহাঙ্গীর হোসেন বলেন- অবিলম্বে সড়কের কাজ শুরু না হলে তাঁরা আন্দোলনে নামার প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে প্রয়োজন হলে সড়ক অবরোধের মতো কঠোর কর্মসূচি দেয়ার কথাও জানান তাঁরা।
মানববন্ধনে শ্রীমঙ্গল উপজেলার জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়ন ২৩৫৯ এর ভানুগাছ সড়ক শাখা কমিটির সভাপতি মো. সুলতান আহমেদ, সাবেক সভাপতি মো. মনির মিয়া, এম আর খান, এলাকার মুরব্বি মোহাম্মদ নজরুল ইসলাম খান, রাধানগর এলাকার আব্দুল হাই, মানিক মিয়া, মো. আহসান উল্লা সুমন, মো. হাফেজ আবুল হাসেম ও বিশামনি এলাকার মো. শাহ আলম, হাফেজ জহিরুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে বক্তারা দ্রুত সড়কটির কাজ শুরু করে তা দ্রুততম সময়ে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *