চিকিৎসা সেবার মানোন্নয়নে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ – জুড়ীতে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

চিকিৎসা সেবার মানোন্নয়নে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ – জুড়ীতে নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি

এম রাজু আহমেদ::

মৌলভীবাজারের জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবার মানোন্নয়নে নেওয়া হয়েছে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ—বললেন আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি।

তিনি বলেন, দীর্ঘদিন ধরে অচল থাকা হাসপাতালের এক্স-রে মেশিনটি পুনরায় চালু করা হয়েছে এবং গত দুই দিন ধরে এটি কার্যক্রম শুরু করেছে। এখন থেকে এখানে বুক, মাথা, নাক, কোমরসহ বিভিন্ন ধরনের এক্স-রে করা সম্ভব হবে, ফলে রোগীদের দুর্ভোগ অনেকটাই কমবে।

আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু আরও জানান, মা-বোনদের নিরাপদ ডেলিভারি সেবা নিশ্চিত করতে অ্যানাস্থেসিয়া মেশিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, চলতি মাসের ২০ তারিখের মধ্যেই এই সংকট দূর হবে। পাশাপাশি, বড়লেখা থেকে অভিজ্ঞ চিকিৎসকের সহায়তায় জুড়ী হাসপাতালে সিজারিয়ান সেবা চালুর পরিকল্পনা রয়েছে, যা এই মাসের ৩০ তারিখের মধ্যে শুরু করা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বলেন, হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা আগের তুলনায় উন্নত হয়েছে এবং সরকারি নির্দেশনা অনুযায়ী চিকিৎসা সেবার মান বাড়াতে কাজ চলমান রয়েছে।

এছাড়া, দীর্ঘদিনের অ্যাম্বুলেন্স ড্রাইভারের সংকট নিয়েও তিনি কথা বলেন, জেলা পর্যায়ের আইনশৃঙ্খলা কমিটির বৈঠকে বিষয়টি উত্থাপন করা হয়েছে এবং খুব শিগগিরই নতুন ড্রাইভার নিয়োগ দেওয়া হবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন।
শেষে আলহাজ নাসির উদ্দিন আহমেদ মিঠু স্থানীয় জনগণ ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা নিশ্চিত করা সম্ভব।

সোমবার ১৩ এপ্রিল সকাল সাড়ে ১০ টা জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন ধরে অচল থাকা হাসপাতালের এক্স-রে মেশিনটি পুনরায় চালু করা হয় এসময় উপজেলা ভূমি অফিসার সাবরিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সমরজিৎ সিংহ, থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি গোয়াল বাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান চুনু, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য নাজমুল ইসলাম, পশ্চিম জুড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী সামছু মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *