সুরমার ঢেউ সংবাদ :: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘না’ ভোটের আহবান জানিয়েছেন মৌলভীবাজার- ১ (বড়লেখা-জুড়ী) আসনের জাতীয় পার্টির সংসদ সদস্য প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন। ২২ জানুয়ারী বৃহস্পতিবার রাতে বড়লেখা উপজেলার দক্ষিণভাগ বাজারে অনুষ্ঠিত প্রথম নির্বাচনী জনসভায় তিনি এ আহবান জানান।
জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আহমেদ রিয়াজ উদ্দিন বলেন- গণভোটে ‘হ্যা’ জয়যুক্ত হলে মুক্তিযুদ্ধের অস্তিত্ব থাকবে না। মুক্তিযোদ্ধাদের কোনো সম্মান থাকবে না। মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা পড়ানো হবে। জুলাই আর একাত্তর এক নয়। ‘না’ মানে একাত্তর, ‘না’ মানে স্বাধীনতা যুদ্ধ, ‘না’ মানে শহীদ প্রেসেডিন্ট জিয়াউর রহমান, ‘না’ মানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এগুলোর পক্ষে থাকলে গণভোটে ‘না’ ভোট দিতে হবে। তিনি আসন্ন সংসদ নির্বাচনে জাতীয় পার্টিকে বিজয়ী করার আহবান জানান।
জনসভায় বড়লেখা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জামাল উদ্দিন শুনু, সাধারণ সম্পাদক বাবরুল হোসেন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক সুলেমান আহমদ, জুড়ী উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক আনোয়ারুল ইসলাম আনু প্রমুখ বক্তব্য রাখেন। দক্ষিণভাগ ইউনিয়ন জাতীয় পার্টির সদস্যসচিব রুহুল আমিন বাবলুর সভাপতিত্বে ও উপজেলা যুবসংহতির আহবায়ক মাহমুদ হাসান সারোয়ারের সঞ্চালনায় এ জনসভা অনুষ্ঠিত হয়।

