লাখো মানুষের অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন

লাখো মানুষের অংশগ্রহণে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন

সুরমার ঢেউ সংবাদ :: লাখো মানুষের অংশগ্রহণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ইনকিলাব মঞ্চের আহবয়ক শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়েছে গত ২০ ডিসেম্বর শনিবার দুপুর আড়াইটায়। এতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ এবং বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
জানাজার আগে হাদির জীবনবৃত্তান্ত পাঠ করেন ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর বক্তব্য রাখেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের। এরপর বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এরপর পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন হাদির বড়ভাই আবু বকর সিদ্দিক। বড় ভাইয়ের বক্তব্যের সময় জানাজায় উপস্থিত অনেকেই কান্নায় ভেঙে পড়েন। পরে তিনি হাদির জানাজায় ইমামতি করেন। জানাজা শেষে হাদির মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে তাকে দাফন করা হয়। হাদির জানাজায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী, জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, এনসিপির আহবায়ক নাহিদ ইসলাম, সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা। ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে বিপুলসংখ্যক মানুষ এ জানাজায় অংশ নেন। শনিবার সকাল থেকেই জানাজায় অংশ নিতে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে শুরু করেন মানুষ। সকাল ১১ টা ২০ মিনিটে খুলে দেয়া হয় সংসদ ভবনের প্রধান গেট। পরে সংসদ ভবনের চারপাশ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আসাদগেট, ফার্মগেট ও খামারবাড়িসহ আশপাশের এলাকায় মানুষের ঢল নামে।
শরিফ ওসমান হাদির জানাজাকে কেন্দ্র করে রাজধানী ঢাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে সরকার।জানাজা শেষে বিকেল সাড়ে ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশেই তাকে দাফন করা হয়েছে। এর আগে বিকেল ৩টায় হাদির মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স কবরস্থানে পৌঁছায়। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে শরিফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *