সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে চব্বিশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারীদের জামিনের প্রতিবাদে ও পতিত ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার।


আজ ৮ জুলাই মঙ্গলবার সকাল থেকে অবিরাম মাঝারি বৃষ্টি উপেক্ষা করে মৌলভীবাজার প্রেসক্লাব মোড়ে এ বিক্ষোভ, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি শুরু হয়। কর্মসূচি পালণকারী বৈষম্যবিরোধী ছাত্ররা চব্বিশের ৪ আগষ্ট আন্দোলনকারী ছাত্রদের উপর হামলাকারী, আওয়ামী সন্ত্রাসী জোড়া খুনের আসামি আনিসুল ইসলাম চৌধুরী তুষার ও তার সহযোগিদেরকে জামিন প্রদানের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তাদের জামিন নামঞ্জুর পূর্বক দ্রুত বিচার করার দাবী জানান।
গভীর উদ্বেগ প্রকাশ করে তারা বলেন- আমরা গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে, মৌলভীবাজার প্রেসক্লাবে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের কারণে স্থানীয় মিডিয়া রহস্যজনকভাবে নীরব ভূমিকা পালন করছে- যা ন্যায়বিচার পথকে ব্যাহত করছে।কর্মসূচীতে অপর একটি ব্যানারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা দাবি করেন- পতিত ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের জবরদখলে থাকা ঐতিহ্যবাহী মৌলভীবাজার প্রেসক্লাবকে দালাল সাংবাদিকদের জবরদখল থেকে মুক্ত করতে হবে। ওই ব্যানারে ছাপা ছবিতে “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি পরিদর্শন ও জিয়ারত, টুঙ্গীপাড়া, গোপালগঞ্জ, ফরিদপুর” লিখা ব্যানারের পেছনে মৌলভীবাজার প্রেসক্লাব জবরদখলকারী পতিত ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের এক নেতা ও তার কয়েকজন সহযোগীকে দেখা যায়।
বিক্ষোভ ও মানববন্ধন চলাকালে আন্দোলনকারীরা মৌলভীবাজার প্রেসক্লাবে জবরদখলকারী পতিত ফ্যাসিস্ট সরকারের দালাল সাংবাদিকদের লাগানো তালা ভেঙে নতুন তালা লাগিয়ে দেন।
পরে তারা প্রথমে মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে হাততালিযোগে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর একইভাবে পুলিশ সুপারের কার্যালয় ঘেরাও করে কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে হাততালিযোগে বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

