সুরমার ঢেউ ইউকে সংবাদ :: সিআইপি (কমার্শিয়ালী ইম্পর্টেন্ট পার্সন) নির্বাচিত হয়েছেন লন্ডনের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব, শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ এর সাবেক ভাইস চেয়ারম্যান ও বর্তমান ডাইরেক্টর, বাংলাদেশী হারুন মিয়া।
বৈধ চ্যানেলে বাংলাদেশে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারি এনআরবি বাংলাদেশি ক্যাটাগরিতে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ২০২৪ সালের জন্য তাকে সিআইপি নির্বাচিত করেছে। বাংলাদেশ সরকারের এক গেজেটের মাধ্যমে গত ২৯ মে বৃহস্পতিবার এ ঘোষণা দেয়া হয়। সিআইপি’র মেয়াদকালীন সময়ে তিনি সরকার ঘোষিত বিভিন্ন সুযোগ-সুবিধা ভোগ করবেন।
উল্লেখ্য- হারুন মিয়া কুশিয়ারা ফিন্যান্সিয়াল সার্ভিস, কুশিয়ারা ট্রাভেলস ইউকে ও কুশিয়ারা ট্রাভেলস বাংলাদেশ এর ম্যানেজিং ডাইরেক্টর। এছাড়াও তিনি শাহজালাল ইসলামী ব্যাংক সিকিউরিটিজ লিমিটেড, কুশিয়ারা ক্যাশ এন্ড ক্যারি, বাংলা ফ্রোজেন ফুড লিমিটেড, ঢাকার প্রিতম হোটেল, উইন্ডসর হোটেল এন্ড রিসোর্ট লিমিটেড, সিলডন হাসপাতাল, ইউকেবিসিআই’র অন্যতম ডাইরেক্টর, বাংলাদেশ সেন্টার লন্ডন এর স্থায়ী সদস্য এবং গোলাপগঞ্জের আল এমদাদ ডিগ্রী কলেজ ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান। তাঁর দেশের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার বুধবারী বাজার ইউনিয়নের লামা চন্দরপুর গ্রামে। ব্যক্তিগত জীবনে দুই পুত্র ও দুই কন্যার জনক হারুন মিয়া সপরিবারে টাওয়ার হ্যামলেটস-এ বসবাস করছেন।
বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত হওয়ায় যুক্তরাজ্যের বিভিন্ন মহলের পক্ষ থেকে হারুন মিয়াকে অভিনন্দন জ্ঞাপন করা হয়েছে। হারুন মিয়ার এ সম্মাননা অর্জন প্রবাসীদেরকে বৈধপথে বাংলাদেশে অর্থ প্রেরণে উদ্ধুদ্ধ করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কমিউনিটির বিশিষ্টজনেরা।

