শ্রীমঙ্গল প্রতিনিধি :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় মরা মুরগি বিক্রির অপরাধে সাজাপ্রাপ্ত ব্যবসায়ী মোঃ মাসুমুর রশিদ (মাসুম) এর মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে, অভিযোগকারী সংবাদকর্মী রুমানা আক্তার শিপা’র প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে ২০ আগস্ট বৃহষ্পতিবার বিকালে।
মরা মুরগি বিক্রির অপরাধে সাজাপ্রাপ্ত হবার জেরে নতুনবাজার এলাকার ‘ফ্যামেলী বাজার’ (পরিচালনায় : বিসমিল্লাহ্ পোল্ট্রি হাউজ)- নামক প্রতিষ্ঠানের প্রোপ্রাইটর মোঃ মাসুমুর রশিদ (মাসুম) ১৫ আগস্ট শ্রীমঙ্গল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে মরা মুরগি বিক্রির কথা স্বীকার করলেও এর দায় তার কর্মচারীদের উপর চাপিয়ে দেন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগকারী সংবাদকর্মী রুমানা আক্তার শিপার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিতভাবে পূর্বশত্রুতার মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তোলেন- যা একজন নারী সংবাদকর্মীকে সামাজিকভাবে হেনস্তা ও মানহানির শামিল।
এরই প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় রুমানা আক্তার শিপা বলেন- “আমি সমাজের সচেতন নাগরিক ও একজন সংবাদকর্মী হিসেবে শুধু মানুষের অধিকার ও খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে সত্য তুলে ধরেছি। অথচ দুঃখজনকভাবে একশ্রেণীর সংবাদকর্মী ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালিয়েছেন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি”। তিনি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন- “আমার বিরুদ্ধে তোলা অভিযোগের বিন্দুমাত্র সত্যতা যদি কেউ প্রমাণ করতে পারেন, তাহলে আমি ওই প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা দেবো। সত্য কখনো ঢাকা থাকে না। আমি চাই সাংবাদিক ভাইয়েরা অনুসন্ধানের মাধ্যমে আসল সত্য উন্মোচন করুন এবং সত্যের পক্ষে কলম ধরুন”।
প্রতিবাদ সভায় দৈনিক সমকালের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সভাপতি শামীম আক্তার, একুশে টিভির জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, আরটিভি’র মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি চৌধুরী ভাস্কর হোম, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি, সাপ্তাহিক সুরমার ঢেউ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক খবরপত্রের ষ্টাফ রিপোর্টার ও মানবাধিকার কর্মী শ. ই. সরকার (জবলু), দৈনিক আমার সময়ের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মোঃ জিতু তালুকদারসহ স্থানীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ উপস্থিত থেকে একাত্মতা প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ সত্যের লড়াইয়ে রুমানা আক্তার শিপার পাশে থাকার দৃঢ় আশ্বাস দেন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার নীতি বজায় রাখার আহ্বান জানান।
উল্লেখ্য- গত ১৩ আগস্ট শ্রীমঙ্গল শহরের নতুনবাজার এলাকার ‘ফ্যামেলী বাজার’ (পরিচালনায় : বিসমিল্লাহ্ পোল্ট্রি হাউজ)- নামক প্রতিষ্ঠানে মরা মুরগি বিক্রির ভিডিওসহ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণসহ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে লিখিত অভিযোগ করেন সংবাদকর্মী রুমানা আক্তার শিপা। অভিযোগের সত্যতা প্রমানীত হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করে।

