মৌলভীবাজারে ‘লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশন’ এর মহতি কাজ

মৌলভীবাজারে ‘লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশন’ এর মহতি কাজ

সুরমার ঢেউ নংবাদ :: মৌলভীবাজারে লোকমান তরফদার মৌলা ফাউন্ডেশনের একটা মহতি কাজ দেখা গেছে ৯ মার্চ বিকালে। ফাউন্ডেশনটি একজন অস্বচ্ছল বেকার লোককে একটা ‘ভ্রাম্যমান খাবারের দোকান’ হস্তান্তর করেছে। মৌলভীবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের পূর্ব সীমানার দক্ষিণে, পুরাতন হাসপাতাল সড়কের দক্ষিণ ফুটপাতে, বিদ্যালয় মাঠের সীমানা প্রাচীরের গেইটে ব্যানার টাঙ্গিয়ে এ ‘ভ্রাম্যমান খাবারের দোকান’ হস্তান্তর করা হয়। ফাউন্ডেশনের কয়েকজন কর্মীকে নিয়ে কেয়ারটেকার জাকির হোসেন উপকারভোগী বাচ্চু মিয়ার কাছে দোকানটি হস্তান্তর করেন।
কেয়ারটেকার জাকির হোসেন সূত্রে জানা গেছে, বাচ্চু মিয়া ভূমিহীন ও গৃহহীন একজন হোটেল শ্রমিক। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার আওয়ামীলীগ সরকারের আমলে গৃহহীন ভূমিহীন পরিবারকে ভূমিসহ গৃহ প্রদান কর্মসূচির আওতায় প্রতিষ্ঠিত মৌলভীবাজার শহরতলীর ‘হিলালপুর আশ্রয়ণ প্রকল্পে’ দুই শতাংশ ভূমিসহ আধাপাকা গৃহ প্রাপ্ত হয়ে বাচ্চু মিয়া সেখানেই বসবাসরত। এর আগে, তিনি যে হোটেলে কাজ করতেন সেটি বন্ধ হয়ে যাওয়ায় তিনি প্রায় বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন।
অস্বচ্ছল বেকার বাচ্চু মিয়াকে স্বাবলম্বী করে বেকারত্ব থেকে মুক্তি দেয়ার মহান উদ্দেশ্যে লোকমান তরফদার মৌলা ফাউন্ডশন তাকে ভ্রাম্যমান খাবারের দোকানটি তৈরী করে দিয়েছে। মূলতঃ এটি একটি ভ্রাম্যমান রেষ্টুরেন্ট। রিক্সার চেসিসের উপর কাঁচ ঘেরা ও টিনের ছাউনিযুক্ত এ ভ্রাম্যমান রেষ্টুরেন্টের ভিতরে রয়েছে বেশ কয়েকটি কাঁচের বক্সযুক্ত তাকিয়া- যেগুলোতে খাবার সাজিয়ে রাখা হবে। রয়েছে খাবার পরিবেশনের প্লেট, চামচ, বাটি, পানির গ্লাস ও চায়ের কাপ রাখার স্থান। গ্যাস স্টোভও রয়েছে ভিতরে। বহিরাংশে রয়েছে পানির জার ও গ্যাস সিলিন্ডার। রেষ্টুরেন্টের মধ্যেই খাবার তৈরী ও সংরক্ষণ করা যাবে। সাধারণ রেষ্টুরেন্টে যেসব খাবার (ভাত ছাড়া) তৈরী ও পরিবেশন করা হয়, তার প্রায় সবই এবং চা-কফিও তৈরী এবং পরিবেশন করা যাবে। যখন যেখানে সুবিধা সেখানে অবস্থান নিয়ে খাবার তৈরী ও বেচা-বিক্রি করা যাবে। ব্যবসা শেষে দোকানটি নিজ বাড়ীতে অথবা সুবিধাজনক স্থানে নিয়ে যাওয়া যাবে। বাচ্চু মিয়া অচীরেই এ ভ্রাম্যমান রেষ্টুরেন্টটি চালু করবেন। খুবই ইতিবাচক ফাউন্ডেশনের এ কাজটির প্রশংসা করেছেন অনেকেই। এমন কাজের জন্য ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লোকমান তরফদার মৌলাকে অনেকে সাধুবাদসহ উৎসাহিত করেছেন এবং এহেন মহতি কার্যক্রম অব্যাহত রাখারও অনুরোধ জানিয়েছেন অনেকে। প্রতিক্রিয়া জানতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাষ্ট্র প্রবাসী লোকমান তরফদার মৌলা বলেন- এটা তো কোন প্রতিক্রিয়ার বিষয় নয়। প্রকাশ, প্রচার, সুনাম ও পরিচিতির জন্যও নয়। ফাউন্ডেশনের তথা আমার সকল কার্যক্রমের উদ্দেশ্য হচ্ছে, মহান আল্লাহর সন্তুষ্টি লাভ। দোয়া চাই, দোয়া করবেন আমার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *