সুরমার ঢেউ সংবাদ :: চট্টগ্রাম নগরে ৫ মিনিটের একটি ঝটিকা মিছিল করে নিষিদ্ধ ঘোষিত ৫ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার ও ১ এসআই বরখাস্ত হয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- হাসান ইমাম (৩০), আনিছুর রহমান (২০), মহিদুল হক (৩৫), শাহিন আলম (২৬) ও মো. তারেক (২৪)।
৩০ জানুয়ারী বৃহস্পতিবার রাতে নগরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় পুলিশের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার ৫ জনকে ৩১ জানুয়ারী শুক্রবার আদালতে হাজির করা হলে, আদালত তাদেরকে জেলহাজতে প্রেরণ করেন। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
অন্যদিকে, ঝটিকা মিছিল যে স্থানে হয়েছিল, সেখানে দায়িত্ব পালণকারী খুলশী থানার উপ-পরিদর্শক হৃদয় মাহমুদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়- বৃহস্পতিবার সকাল ৬টার দিকে নগরের প্রাণকেন্দ্র জিইসি মোড়ে প্রকাশ্যে ৫ মিনিটের মিছিল করেন নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মিজানুর রহমান মিছিলটির নেতৃত্বে ছিলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া মিছিলের ১ মিনিট ২৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়- জিইসি মোড়ে সিডিএ এভিনিউ সড়কের এক পাশে মিছিল করছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ থেকে ২৫ জন নেতা-কর্মী। এসময় তারা অন্তর্বর্তী সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মিছিলের ভিডিওর ক্যাপশনে লেখা হয়, চট্টগ্রাম শহরের জিইসি মোড়ে মহানগর ও দক্ষিণ জেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

