সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার শহরতলীর মোস্তফাপুর গ্রামে মৌলভীবাজার জেলা যুবলীগের সহ-সভাপতি ও সদর উপজেলার ১১নং মোস্তফাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান শেখ রুমেল আহমদের বাড়ীতে রহস্যজনক অগ্নিকান্ড ঘটেছে ৭ ডিসেম্বর শনিবার দিবাগত রাত ৩টার দিকে। রহস্যজনক এ অগ্নিকান্ডের ধোঁয়ায় ঘুমন্ত অবস্থায় শ্বাসরুদ্ধ হয়ে নিহত হয়েছেন তার মা মেহেরুন নেসা (৬৫) ও চাচী ফুলেছা বেগম (৬০)।
বাড়ির নিরাপত্তা রক্ষী আরজান মিয়া জানান- রাত ২টার দিকে হঠাৎ বসতঘরের ভিতর আগুনের লেলিহান শিখা দেখতে পেয়ে আমি বাড়ির চারিদিকে ছুটাছুটি ও শোর-চিৎকার করে ঘরের লোকজনকে ডাকাডাকি করতে থাকি। কিন্তু, কারও সাড়া না পেয়ে আমি বাড়ির মূল গেইট খুলে শোর-চিৎকার করতে থাকলে আশপাশ বাড়ীর লোকজন ছুটে এসে আগুন নেভানোর এবং জলন্ত বসতঘরে আটকা পড়া মেহেরুন নেসা ও ফুলেছা বেগমকে উদ্ধার চেষ্টা শুরু করেন। এর কিছুক্ষণ পর ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠালে, জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃতঃ ঘোষণা করেন। আজ ৮ ডিসেম্বর রবিবার বিকাল সাড়ে ৪টায় নিজ বাড়ীতে বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণে জানাযা শেষে নিহতদেরকে দাফন কার হয়েছে।
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার যীশু তালুকদার “বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা” ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। তবে, পরিচয় গোপন রেখে কয়েকজন এ অগ্নিকাণ্ডের ঘটনাকে রাজনৈতিক প্রতিপক্ষীয় নাশকতার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন। এ সংবাদ পরিবেশনের পূর্বে বিকাল ৪টা পর্যন্ত এ ঘটনায় কোন মামলা হয়নি বলে জানিয়েছেন মৌলভীবাজার মডেল থানার ডিউটি অফিসার।

