মৌলভীবাজারে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসে রহস্যজনক ভাঙচুর-লুটপাট

মৌলভীবাজারে জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের অফিসে রহস্যজনক ভাঙচুর-লুটপাট

নিজস্ব সংবাদ ::: মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজি: নং-চট্ট-২৩৫৯) অফিসে রহস্যজনক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। ক্ষয়ক্ষতি হয়েছে ৭৭ হাজার ২শ টাকার। এ ঘটনায় পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারন সম্পাদক শেখ মোঃ আনোয়ার হোসেন থানায় অভিযোগ করেছেন। অভিযোগে জানা যায়- মোঃ আনোয়ার হোসেন ২৮/১১/২০২৪ইং রাত ৯টার দিকে জগন্নাথপুর ফিলিং ষ্টেশন সংলগ্ন ইউনিয়নের অফিস বন্ধ করে বাসায় চলে যান। ০৩/১২/২০২৪ইং সকাল ১০টার দিকে খবর পান, অফিসে চুরি হয়েছে। খবর পেয়ে অন্যান্য নেতৃবৃন্দসহ অফিসে এসে দেখেন দরজার তালা ভাঙ্গা। ভিতরে প্রবেশ করে দেখেন অফিসে রক্ষিত ৭টি ভলিয়ম বই, ইউনিয়নের আয়-ব্যয় হিসাবের ১৭টি খাতা, বিভিন্ন ইউনিট কমিটির নির্বাচনের আয়-ব্যয় হিসাবের ফাইল, ভাউচার, জেলা নির্বাচনের ভোটার তালিকাসহ ১টি কম্পিউটার, ২টি চার্জার ফ্যান, ২টি হ্যান্ড মাইক, ১টি দেয়াল ঘড়ি ও নগদ ৩৮ হাজার ২০০ টাকা খোয়া গেছে- যার মূল্য ৭৭ হাজার ২০০ টাকা। পরে তিনি নেতৃবৃন্দসহ থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
পরিবহন শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন জানান- গত ১ ডিসেম্বর রবিবারে মৌলভীবাজার জেলা পরিবহন শ্রমিক ইউয়িন রেজি: নং-চট্ট-২৩৫৯ এর নির্বাচন কমিশন গঠন ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আমি মনে করছি- জেলা নির্বাচন প্রশ্নবিদ্ধ ও বানচাল করতেই এ ভাঙচুর ও লুটপাট করা হয়েছে। আপনারা জানেন আওয়ামীলীগ সরকারের আমলে একাধিকবার নির্বাচন কমিশন গঠন ও সাধারণ সভা করেও আমরা নির্বাচন করতে পারিনি। আমাদের জেলা সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমসহ জেলার নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা, হুমকি-ধামকি ও নানা মিথ্যা অপবাদ দিয়ে আওয়ামীলীগ নেতৃবৃন্দের মাধ্যমে আমরা হয়রানির শিকার হয়েছি। এখন আমরা আবারও যখন উৎসবমুখর পরিবেশ তৈরি করে জেলার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, ঠিক সে সময়ই জেলার অফিস ভাঙচুর-লুটপাট করা হয়েছে। আমরা এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আশাকরি প্রশাসন দ্রুত সময়ের মধ্যে বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *