রুহুল আলম রনি :: চলমান তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে বৃষ্টির জন্য মৌলভীবাজারে দুই রাকআত সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করা হয়েছে ৩১ জুলাই সোমবার সকাল ১১টায়। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের বরমান শাহী ঈদগাহ মাঠে এ সালাতুল ইস্তেখারা নামাজ আদায় করা হয়। এতে ওই এলাকার সব বয়সী মানুষ অংশগ্রহণ করেন। নামাজ শেষে চলমান তাপপ্রবাহ পরিবর্তন করে বৃষ্টির জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন নামাজে অংশগ্রহণকারী মুসল্লীরা। পরদিন ১ আগষ্ট মঙ্গলবার জোহরের নামাজের পর দোয়া ও মিলাদ মাহফিল শেষে শ্যামরাবাজারে শিরনী বিতরণ করা হয়।
চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকলে জনজীবনের পাশাপাশি কৃষকের চাষাবাদের ব্যাপক ক্ষতির আশঙ্কা ছিলো। তাই, এ অবস্থা থেকে বাঁচতে এমন উদ্যোগ নেয়া হয়েছিলো বলে জানান এলাকাবাসী। গত কয়েকদিন ধরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেড়ে যাবার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছিল।
বৃষ্টির জন্য হাহাকার করছিলো দেশের মানুষ। এমন সংকটময় মুহূর্তে বৃষ্টির জন্য বিশেষ নামাজ পড়ার নির্দেশ দেয় ইসলাম। নিজেদের গোনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কায়মনোবাক্যে তার রহমত প্রার্থনা করার বিধান হাদিসে এসেছে। পবিত্র কোরআনে আল্লাহতায়ালা বলেন- ‘তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো। নিশ্চয়ই তিনি ক্ষমা করবেন। তোমাদের জন্য মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন’। (সুরা নুহ : ১০-১১)

