শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা যুবদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা যুবদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলা যুবদলের ৯ নেতাকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়েছে মৌলভীবাজার জেলা যুবদল। কেন্দ্র ঘোষিত সাংগঠনিক কর্মসূচি যথাসময়ে পালন না করা এবং দায়িত্বে অবহেলার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয়। মৌলভীবাজার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল কারণ দর্শানোর নোটিশ পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন।
নোটিশপ্রাপ্ত নেতারা হলেন- শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারু, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আবদুল মোহিত কদর ও সদস্যসচিব টিটু আহমেদ, শ্রীমঙ্গল পৌর যুবদলের আহ্বায়ক সারোয়ার হোসেন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মীর এম এ সালাম ও সদস্যসচিব প্রণব বৈদ্য, কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মো. মাহবুবুর রহমান, কমলগঞ্জ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ রূমন আলী ও সদস্যসচিব মীর খালেদুর রহমান।
২৩ সেপ্টেম্বর বুধবার জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল ও সাধারণ সম্পাদক এম এ মুহিতের নির্দেশক্রমে দপ্তর সম্পাদক হাবিবুল বাশার স্বাক্ষরিত পৃথক পৃথক চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
জেলা যুবদল সূত্রে জানা যায়- বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সাম্প্রতিক কর্মসূচিসমূহ উক্ত নেতৃবৃন্দ নিজ নিজ ইউনিটে পালন করেননি। এ ধরনের আচরণকে দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও দায়িত্বে অবহেলা উল্লেখ করে বলা হয়, এতে সংগঠনকে দুর্বল করা হয়েছে।
নোটিশে নির্দেশ দেয়া হয়েছে, কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে না, তার লিখিত জবাব আগামী ৭ (সাত) কার্যদিবসের মধ্যে জেলা যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের নিকট সশরীরে উপস্থিত হয়ে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *