সুরমার ঢেউ সংবাদ :: সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা এনসিপি যুগ্ম আহ্বায়ক শাহীন কাদির (৪৮) এর ঝুলন্ত মরদেহ তার নিজ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ। ২৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলা সদরের ধর্মপাশা পশ্চিমপাড়া গ্রাম থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। শাহীন কাদির ওই গ্রামের মৃতঃ সুনু কাদিরের পুত্র।
ধর্মপাশা থানার পুলিশ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে- শাহীন কাদির রাত ৮টার দিকে বসতঘরের বারান্দার কক্ষে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন। পরে রাত সাড়ে ৮টার দিকে রাতের খাবার খেতে পরিবারের সদস্যরা তাঁকে ডাকাডাকি শুরু করেন। কিন্তু দরজা না খোলায় একপর্যায়ে পরিবারের লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে কক্ষের আড়ার সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় শাহীনের ঝুলন্ত মরদেহ দেখতে পান। পুলিশ খবর পেয়ে রাত সাড়ে ৯টার দিকে তাঁর মরদেহ উদ্ধার করে।
শাহীনের ভাতিজা আসিফ আহমেদ বলেন- তাঁর চাচা দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। প্রায়ই মেরুদণ্ডের ব্যথায় কাতরাতেন। চিকিৎসা করেও কোনো সুফল পাননি।
এনসিপির ধর্মপাশা উপজেলা শাখার আহ্বায়ক আজিজুল হক বলেন- শাহীন কাদির কেন আত্মহত্যার পথ বেছে নিলেন, তা বুঝে উঠতে পারছি না। তাঁর মৃত্যুতে আমরা খুবই মর্মাহত।
ধর্মপাশা থানার এসআই রফিকুল ইসলাম বলেন- মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি আত্মহত্যা। তিনি দীর্ঘদিন ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন বলে পরিবারের লোকজন জানিয়েছেন। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা সম্ভব নয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

