সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় গাড়িসহ ৪৮০০ কেজি জিরা ছিনতাই ঘটনায় জাতীয়তাবাদী সাংস্কৃতিক সামাজিক সংস্থা (জাসাস) শ্রীমঙ্গল পৌর শাখার সাবেক সদস্যসচিব জাহেদ আলীকে গ্রেপ্তার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। ড্রাইভার ও হেলপারকে অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে প্রায় ২০ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৪৮০০ কেজি জিরা, নগদ ২০ হাজার টাকা ও ২টি স্মার্টফোন ছিনতাইয়ের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়- সিলেটের জৈন্তাপুর এলাকার ব্যবসায়ী আফজালুর রহমানের ১৬০ বস্তা জিরা বহনকারী কাভার্ডভ্যান ১৬ জুন মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল শহরের পুরানবাজার এলাকায় পৌঁছলে সহযোগীদেরকে নিয়ে জাহেদ আলী ড্রাইভার ও হেলপারকে প্রাণনাশের হুমকি দিয়ে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণে নেয়। এরপর শহরতলীর উত্তরসুর এলাকায় গিয়ে নগদ ২০ হাজার টাকা ও ২টি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে ড্রাইভার ও হেলপারকে জোরপূর্বক নামিয়ে দিয়ে জিরাসহ কাভার্ডভ্যানটি নিয়ে যায়।
ব্যবসায়ী আফজালুর রহমান জানান- সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও ঘটনার সত্যতা নিশ্চিত হবার পর ২০ জুন শনিবার রাতে তিনি শ্রীমঙ্গল থানায় মামলা দায়ের করেন। এর প্রেক্ষিতে ওই রাত আড়াইটার দিকে এসআই বাবলু পালের নেতৃত্বে শ্রীমঙ্গল থানার একদল পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত জাহেদ আলীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত জাহেদ আলী শ্রীমঙ্গল শহরের শাহীবাগ এলাকার মৃতঃ নায়েব আলীর পুত্র এবং শ্রীমঙ্গল পৌর জাসাসের সাবেক সদস্যসচিব।
শ্রীমঙ্গল থানার ওসি সরকার আব্দুল্লাহ আল মামুন জানান- আসামিকে ২১ জুন রবিবার বিকেলে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদেরকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, জুলাই ২০২৫ সালে চাঁদাবাজির অভিযোগে জাহেদ আলীকে জাসাস শ্রীমঙ্গল পৌর শাখার সদস্যসচিব পদ থেকে অব্যাহতি দিয়েছিল মৌলভীবাজার জেলা কমিটি। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও গঠনতন্ত্র পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগ প্রমাণিত হলে তাকে বহিষ্কার করা হয়।

