মৌলভীবাজারে একদিনে ৪ জনের একসপ্তাহে ৭ জনের মৃতদেহ উদ্ধার

সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলায় ১৩ মে একদিনে ৪ জনের এবং ৭ মে থেকে ১৩ মে পর্যন্ত একসপ্তাহে ৭ জনের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। একদিনে উদ্ধারকৃত ৪ জনের মধ্যে রয়েছেন ২ জন নারী ও ২ জন পুরুষ। একসপ্তাহে উদ্ধারকৃত ৭ জনের মধ্যে রয়েছেন ২ জন নারী ও ৫ জন পুরুষ।
১৩ মে বুধবার সন্ধ্যায় মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কস্থ ‘মৌলভীবাজার আধুনিক চক্ষু হাসপাতালের’ রিসিপশনিস্ট শুক্লা সিনহা শুশ্রী’র গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ মুসলিম কোয়ার্টারের একটি বহুতল ভবনের ষষ্ঠতলাস্থিত তার ভাড়াফ্ল্যাট থেকে উদ্ধার করেছে পুলিশ। প্রতিবেশীদের সূত্রে খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানার পুলিশ ওই ফ্ল্যাট থেকে গলায় ফাঁস দেয়া তার ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে। শুক্লা সিনহা শুশ্রী (২৪) জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামের রঞ্জিত সিনহা ও লক্ষ্মী রানী সিনহা দম্পতির কন্যা। চাকরির সুবাদে তিনি ওই ফ্ল্যাটে একাই বসবাস করতেন। তবে, মাঝে মাঝে তার ভাই এসে থাকতেন। তিনি শ্রীমঙ্গল সরকারী কলেজের ইতিহাস বিভাগের অনার্স ৪র্থ বর্ষের শিক্ষার্থী ও অবিবাহিত ছিলেন। পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনও রহস্য আছে, তা তদন্ত করা হচ্ছে। ইতিমধ্যে ঘটনার বিভিন্ন দিক তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
একইদিনে জেলার বড়লেখা উপজেলার পাথারিয়া চা-বাগান থেকে কুলাউড়া উপজেলার সুকিন্দর গঞ্জুর স্ত্রী ময়না গঞ্জুর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে বড়লেখা থানার পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের টানাপোড়েন ও পারিবারিক কলহের জেরে তিনি আত্নহত্যা করেছেন।
একইদিনে একই উপজেলার পৌরশহরের দক্ষিণবাজার এলাকায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত মোটরবাইকার তেলিগুল গ্রামের বাসিন্দা লিটন মিয়ার (৩৫) মৃতদেহ উদ্ধার করেছে বড়লেখা থানার পুলিশ। এ ঘটনায় পুলিশ দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান জব্দ ও চালকসহ ২ জনকে গ্রেফতার করেছে।
একইদিন সন্ধ্যায় জেলার শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের রাজাপুর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় শহরতলীর নোয়াগাঁওয়ের আছকর আলীর পুত্র মাহমুদ আলীর (৩০) মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, মাহমুদ আলী মঙ্গলবার রাতে মাছ ধরার সরঞ্জাম নিয়ে হাইল হাওরে গিয়ে আর ফিরে আসেননি। এরপর বুধবার সন্ধায় রাজাপুর এলাকায় পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়। এ মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ৯ মে সকালে জেলার কুলাউড়া উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মীরবক্সপুর এলাকার একটি কালভার্টের নিচ থেকে গাজীপুর চা বাগানের অনিল তেলীর পুত্র প্রদীপ তেলির (৩০) মৃতদেহ উদ্ধার করেছে কুলাউড়া থানার পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, নিহত ব্যক্তি মদ্যপ অবস্থায় কালভার্টের পাশে বসেছিলেন। অসাবধানতাবশতঃ কালভার্ট থেকে নিচে পড়ে যাবার ফলে মাথা ও ঘাড়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
একইদিনে জেলার শ্রীমঙ্গল উপজেলার কালিঘাট ইউনিয়নের ভাড়াউড়া চা-বাগানের রামপাড়া এলাকায় অজয় হাজরার বসতবাড়ির পুকুরের পানিতে ভাসমান অবস্থায় কুমিল্লা জেলার লাকসাম থানার আলোকদিয়া ইউনিয়নের খোজারখলা গ্রামের মৃতঃ শরবত আলীর পুত্র শ্রীমঙ্গলের রিকশাচালক মোহাম্মদ হোসেনের (৫৪) মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানার পুলিশ। পুলিশের ভাষ্য, নিহত রিকশাচালক মানসিক ভারসাম্যহীন ছিলেন। ছোটবেলা থেকেই সিলেট অঞ্চলে বসবাস করতেন এবং শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকায় হাসিম পাগলা নামে পরিচিত ছিলেন এবং দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত অবস্থায় চলাফেরা করতেন। মৃত্যুরহস্য উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাবার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
এর আগে ৭ মে জেলার শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া চা-বাগান এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় অজ্ঞাতপরিচয় একব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের ডুবুরি দল। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট জানায়, উদ্ধারকৃত মৃতদেহটি শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে। শ্রীমঙ্গল থানার পুলিশ জানায়, মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *