শ. ই. সরকার :: একসনা ইজারাপ্রাপ্ত ভূমিতে পাকা ও আধাপাকা স্থাপনা নির্মান বেআইনী হলেও, মৌলভীবাজার সদর উপজেলার আপার কাগাবলা বাজারে জেলা পরিষদ থেকে একসনা ইজারাপ্রাপ্ত ভূমিতে আধাপাকা দোকানঘর বানাচ্ছেন কবির উদ্দিন। এছাড়াও, কবির উদ্দিনের বিরুদ্ধে একসনা ইজারাপ্রাপ্ত ভূমির অধিক পরিমান ভূমিতে উক্ত আধাপাকা দোকানঘর বানাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে- আনুমানিক দশকখানেক পূর্বে পিতা আনোয়ার মিয়া ও কবির উদ্দিন তাদের যৌথ নামে আপার কাগাবলা বাজারস্থ কাগাবলা মৌজাধীন ১২৮নং জেএলভূক্ত ২৫৫১নং এসএ এবং ৩১৬২নং আর এস দাগের ৯৬০ বর্গফুট (২.১৯৯ শতাংশ) ভূমি ইজারা লাভ করেন। এরপর থেকে জেলা পরিষদ প্রতিবছর তাদের যৌথ নামেই ইজারা প্রদান করে আসছে। এ সময়ের মধ্যে আরও একাধিক ব্যক্তি আরও অধিক ইজারামূল্যে উক্ত ভূমি বন্দোবস্তো চেয়ে আবেদন করলেও, জেলা পরিষদ তাদেরকে ইজারা না দিয়ে বাপ-বেটা আনোয়ার মিয়া ও কবির উদ্দিনকেই ইজারা প্রদান করে আসছে। এ সুযোগে কবির উদ্দিন নাকি একটু একটু করে উক্ত ভূমির সীমানা বর্ধিত করেছেন। ইজারাপ্রাপ্ত হবার পর উক্ত ভূমিতে কাঁচা দোকানঘর বানিয়ে ভাড়া দিয়েছিলেন। এরপর এতোদিন কাঁচা দোকানঘর থাকলেও, রাষ্ট্রীয় পট পরিবর্তনের সুযোগে এবং ঈদুল আজহার টানা ১০ দিনের ছুটির সুযোগে, একটু একটু করে বর্ধিত ভূমিসমেত পুরো ভূমি জুড়ে আধাপাকা দোকানঘর বানানোর কাজ শুরু করেছেন। এ নিয়ে স্থানীয়রা আপত্তি জানালেও তিনি গ্রাহ্য করছেননা। এমতাবস্থায় স্থানীয়রা জেলা পরিষদ প্রশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং অভিযোগ দায়েরের উদ্যোগ নিয়েছেন বলে জানা গেছে।

