বিশেষ প্রতিনিধি :: মৌলভীবাজার জেলাসদরের গোমড়া এলাকায় অবৈধভাবে পাহাড় ও টিলা কেটে বিনা অনুমোদনে রিসোর্ট নির্মানকাজের দায়ে হাসান আহমেদ জাবেদ, ফয়সল আহমেদ, সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, শাহজাহান উদ্দিন ভূঁইয়া, জহির মিয়া ও ডা. সোহেল রানাকে ৩ লাখ জরিমানা ও তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে- ক্যানোপি প্রোপার্টিজ নামীয় প্রতিষ্ঠানের মালিক হাসান আহমেদ জাবেদ, ফয়সল আহমেদ, সৈয়দ আবুল কালাম আজাদ পারভেজ, শাহজাহান উদ্দিন ভূঁইয়া, জহির মিয়া ও ডা. সোহেল রানা বেশ কিছুদিন যাবৎ তাদের মালিকানাধীন ৪.০৩ একর টিলাভূমি ও তৎসংলগ্ন বন বিভাগের বেশকিছু টিলাভূমি দখলপূর্বক কেটে নিচু ভূমি ভরাট এবং রাস্তাসংলগ্ন টিলার সম্মুখভাগে রিসোর্ট নির্মানকাজ চালিয়ে আসছিলেন। একটি গোপন সূত্র এ সংবাদ সংশ্লিষ্ট সরকারী কর্তৃপক্ষকে অবহিত করার
প্রেক্ষিতে ২৮ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে টিলা কাটা ও বিনা অনুমোদনে রিসোর্ট নির্মানকাজের অপরাধে তাদেরকে ৩ লাখ টাকা জরিমানা আরোপ এবং তা আদায় করেন। সেইসাথে তাদেরকে রিসোর্টের নির্মানকাজ বন্ধ রাখার নির্দেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা আক্তার। তাকে সহযোগিতা করেন জেলা পরিবেশ অধিদফতরের পরিদর্শক রিয়াজুল ইসলাম ও মৌলভীবাজার মডেল থানার পুলিশ টিম ।

