সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় দুর্বৃত্তরা উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা করেছে নোমান আহমদ নামে এক যুবদল নেতাকে । ঘটনাটি ঘটেছে ১৮ জানুয়ারি শনিবার রাতে উপজেলার বাড্ডা বাজারে। নিহত নোমান উপজেলার সুজানগর ইউনিয়নের রাঙ্গিনগর গ্রামের লেচু মিয়ার পুত্র। তিনি সুজানগর ইউনিয়নের ১নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক। জানা গেছে- শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নোমান বাড্ডা বাজারে দাঁড়িয়ে ছিলেন। এসময় হঠাৎ দুই যুবক এসে নোমানের বুকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় নোমানকে উদ্ধার করে প্রথমে উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতঃ ঘোষণা করেন। তবে কী কারণে নোমানকে ছুরিকাঘাত করা হয়েছে, তা জানা যায়নি।
সুজানগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সাবুল আহমদ বলেন, সুজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা নোমান আহমদকে ছুরিকাঘাতে হত্যা করেছে মারজান আহমদ গং। নোমান দীর্ঘদিন ধরে যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তার এমন মৃত্যুতে আমরা শোকাহত। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে। লেনদেন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে নোমানকে ছুরিকাঘাত করা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হত্যাকারীদেরকে গ্রেপ্তারে পুলিশী অভিযান চলছে বলে জানা গেছে।

