সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজারে পুলিশ পরিচয়ে প্রতারক চক্রের বিষয়ে জেলা পুলিশের সতর্কতা জারী করা হয়েছে। মৌলভীবাজার জেলা পুলিশের ভাবমূর্তি ক্ষুন্ন করার এবং সাধারণ মানুষকে প্রতারিত করার লক্ষ্যে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগমাধ্যম হোয়াটসঅ্যাপকে ব্যবহার করছে। মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে একটি প্রতারক চক্র জেলার বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় অবৈধভাবে ব্যবহার করছে। এ চক্রটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যবসায়ীদের কাছে ফোন করে বা বার্তা পাঠিয়ে পুলিশ বক্স স্থাপনের নামে আর্থিক সহায়তা বা চাঁদা দাবি করছে।
জেলা পুলিশ প্রশাসন জানিয়েছে- এ জালিয়াতি ও প্রতারণার সাথে জড়িত চক্রটিকে শনাক্ত করার প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে এবং তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। সতর্কতা অবলম্বনের জন্য জেলা পুলিশ জানায়- আর্থিক লেনদেন থেকে বিরত থাকুন, যদি কেউ পুলিশ পরিচয়ে হোয়াটসঅ্যাপ, ফোন বা অন্য কোনো মাধ্যমে অর্থ বা চাঁদা দাবি করে, তবে কোনো প্রকার আর্থিক লেনদেন করবেন না। যেকোনো ধরনের দাবির সত্যতা নিশ্চিত করতে, সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বা জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। যদি আপনি এ ধরনের প্রতারণার শিকার হন অথবা কোনো সন্দেহজনক বার্তা/কল পান, তবে অবিলম্বে নিকটস্থ থানায় যোগাযোগ করুন এবং প্রাপ্ত তথ্য বা মেসেজের স্ক্রিনশট সংরক্ষণ করে পুলিশকে সহায়তা করুন। মৌলভীবাজার জেলা পুলিশ সর্বসাধারণকে এ ধরনের জালিয়াতি থেকে সতর্ক থাকার এবং কোনো অবস্থাতেই বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ করেছে।

