সুরমার ঢেউ সংবাদ :: ভোট দিতে না পেরে রংপুরের পীরগাছা উপজেলার তেয়ানি মনিরাম সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কেঁদেছেন নুরজাহান বেগম। বহু নির্বাচনের স্বাক্ষী এই নারী ভোটার এবারও ভোট দিতে এসেছিলেন স্বাভাবিক বিশ্বাস নিয়েই। কিন্তু, বুথে ঢুকলে পোলিং অফিসার তাকে জানান, ‘আপনার ভোট দেয়া হয়ে গেছে’। এ কথাটা মুহূর্তেই ভেঙে গেছে তার স্বাভাবিক বিশ্বাস। নির্বাচন যে অবাধ ও সুষ্ঠু হয়নি এর একটি প্রমান- ভোট দিতে না পারা উপরোক্ত নুরজাহান বেগম।
১২ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তেয়ানি মনিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বুথ থেকে বেরিয়ে কান্নাজড়িত কণ্ঠে নুরজাহান বেগম বলেন- ‘এতো বছর থাকি ভোট দিয়া আসনু, কোন সমস্যা হইলো না। এবার বলে মোর ভোট আরেক জনে দিয়ে দিছে। মুই তো নিজেই দিবার আসনু’। কেন্দ্রের ভেতর-বাইরে তখন ফিসফাস, উৎকণ্ঠা, ক্ষোভ। উপস্থিত কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, সকাল থেকেই কেন্দ্রটিতে বিচ্ছিন্নভাবে জাল ভোট দেয়ার ঘটনা ঘটছে। (সূত্র : দৈনিক ইত্তেফাক)
স্থানীয় বাসিন্দা জহুরুল ইসলাম বলেন, আমরা সকাল থাকি দেখতেছি, কিছু ভোটার আসার আগেই নাকি তাদের ভোট দেয়া হয়ে গেছে। বিষয়টা খুবই উদ্বেগজনক। আরেক ভোটার রহিমা খাতুনের ভাষ্য, ভোট দিতে আইসা যদি শুনি ভোট হয়ে গেছে, তাহলে হামরা কই যামু ? এটা তো হামার অধিকার।
কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মনছুর হোসেন বলেন- পোলিং এজেন্টদের কারণে এমনটি হয়েছে। তারা শনাক্ত করতে পারেনি। আমরা চেষ্টা করতেছি যাতে এমনটা না হয়। বিষয়টি গুরুত্ব-সহকারে দেখা হচ্ছে। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক বলেন- আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখতেছি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনার পর কেন্দ্রটিতে কিছু সময়ের জন্য উত্তেজনা দেখা দিলেও আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

