সুরমার ঢেউ সংবাদ :: আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সংবাদ কাভারেজের বিশেষ প্রশিক্ষণ দেয়া হয়েছে চট্টগ্রাম বিভাগের ৫০ নারী সাংবাদিককে। নির্বাচনকালীন সংবাদ পরিবেশনে নিরাপত্তা, সঠিক তথ্য যাচাই এবং নৈতিকতা আরও শক্তিশালী করণের উদ্দেশ্যে এ প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণে সাংবাদিকদের জানানো হয়- নির্বাচনের সময় কীভাবে দায়িত্বশীলভাবে খবর প্রকাশ করতে হয়, ভুয়া খবর ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) থেকে তৈরি বিভ্রান্তি কীভাবে চিহ্নিত করা যায় এবং তথ্য যাচাই করার সহজ পদ্ধতি কী। এছাড়া নারী সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তা, অনলাইনে হয়রানি থেকে সুরক্ষা এবং মানসিক চাপ মোকাবিলার বিষয়েও দিকনির্দেশনা দেয়া হয়।
প্রশিক্ষণে দেশি ও বিদেশি অভিজ্ঞ প্রশিক্ষকরা নির্বাচন ব্যবস্থা, আইন, ডিজিটাল নিরাপত্তা এবং লিঙ্গ সংবেদনশীল সংবাদ পরিবেশন নিয়ে আলোচনা করেন। তারা বলেন- সঠিক ও দায়িত্বশীল সাংবাদিকতা গণতন্ত্রকে শক্তিশালী করে এবং জনগণের আস্থা বাড়ায়।
জাতিসংঘের একটি প্রকল্পের আওতায় গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংস্থা ‘সমষ্টি’ এ প্রশিক্ষণের আয়োজন করে। এতে সহযোগিতা দেয় ইউনেস্কো ঢাকা অফিস। দুটি ধাপে অনুষ্ঠিত এ প্রশিক্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন মিডিয়ায় কর্মরত নারী সাংবাদিকরা অংশ নেন।

