মোঃ ফারুক মিয়া, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) :: ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক পদে যোগদান করেছেন মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকার কৃতি সন্তান আবদুল মুহিত জাবেদ। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক পদে ১৩ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন।
এর আগে গতবছর ২৪ নভেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত প্রভাষক নিয়োগের প্রতিযোগিতামূলক পরীক্ষায় (লিখিত, প্রেজেন্টেশন ও ভাইভা) তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে সুপারিশপ্রাপ্ত হন। পরবর্তীতে ৯ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তার নিয়োগ অনুমোদিত হয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগদানের মানসিক প্রস্তুতি থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহুদিনের লালিত স্বপ্ন পূরণ হওয়ায় শেষ পর্যন্ত সেখানেই যোগদান করেন তিনি।
আবদুল মুহিত জাবেদের কর্মজীবনের সূচনা হয় ২০১৯ সালে ঢাকার নাজিমুদ্দিন রোডে অবস্থিত শেখ বোরহানুদ্দিন পোস্ট গ্রাজুয়েট কলেজে প্রভাষক হিসেবে। সেখানে তিনি একজন আদর্শ শিক্ষক হিসেবে সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে অল্প সময়েই নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন এবং সবার ভালোবাসা ও সম্মান অর্জন করেন। এরপর ২০২০ সালের মার্চ মাসে তিনি বাংলাদেশ জাতীয় জাদুঘরে যোগদান করেন এবং অদ্যাবধি সেখানে কর্মরত আছেন। জাতীয় জাদুঘরে তার কর্মকালেও সহকর্মীদের স্নেহ, শ্রদ্ধা ও ভালোবাসার মধ্য দিয়ে চার বছরের একটি সফল অধ্যায় অতিক্রান্ত হয়। তার বর্ণাঢ্য অর্জনের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো- তিনি ৪১তম বিসিএস শিক্ষা ক্যাডারে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে মেধাক্রমে প্রথম স্থান অর্জন করে সুপারিশপ্রাপ্ত হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে যোগদানের প্রতিক্রিয়ায় আবদুল মুহিত জাবেদ বলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী প্রাঙ্গণে নৈতিকতা, দায়িত্ববোধ ও জ্ঞানচর্চাকে পাথেয় করে নিজেকে একজন দায়িত্বশীল শিক্ষক, নিবেদিত গবেষক এবং খ্যাতিমান একাডেমিশিয়ান হিসেবে গড়ে তুলতে চাই। এ নতুন যাত্রাপথে সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি। এলাকাবাসী ও শুভানুধ্যায়ীরা তার এ অর্জনে আনন্দ প্রকাশ করে বলেন- আবদুল মুহিত জাবেদের সাফল্য মৌলভীবাজার তথা পুরো অঞ্চলের জন্য গর্বের এবং ভবিষ্যতে তিনি শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন, এমন প্রত্যাশা সবার।

