দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র নির্বাচনে ফলাফল পরিবর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন

শ. ই. সরকার (জবলু) :: দি মৌলভীবাজার চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রী’র দ্বি-বার্ষিক নির্বাচন পরবর্তীতে ফলাফল পরিবর্তনের অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ফলাফল পরিবর্তনে বাদ পড়া দুই প্রার্থী অর্ডিনারী পদে বিজয়ী বিএনপি সমর্থিত প্যানেলের আবুল কালাম বেলাল ও জামায়াত প্যানেলের প্রকৌশলী জহিরুল ইসলাম জাকির। তারা চেম্বার আদালতে মামলা দায়ের করেছেন এবং জেলা প্রশাসক ও সংশ্লিষ্ট নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ২৯ ডিসেম্বর সোমবার রাতে শহরের মামার বাড়ী রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তারা এ তথ্য জানান।
সংবাদ সম্মেলনে তারা জানান- ১১ ডিসেম্বর নির্বাচনে আমরা বিজয়ী হই এবং নির্বাচন বোর্ডও চূড়ান্ত ফলাফল শীটে আমাদের নাম প্রকাশ করেন। নির্বাচনী তপশীল অনুযায়ী কিছু প্রার্থী ফলাফলের উপর লিখিত আপত্তি জানালে আপিল বোর্ড তা পুনঃগণনার সিদ্ধান্ত নেয়। ১৭ ডিসেম্বর ভোট পুনঃগণনার সময় প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মোবারক খান, জেলা প্রশাসকের প্রতিনিধি ম্যাজিস্ট্রেট, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও আমরা উভয়কে এবং অনেক অর্ডিনারী সদস্যকে উপস্থিত না রেখে কারচুপি করে নির্বাচনী ফলাফল পরিবর্তন করার প্রক্রিয়া শুরু হয়। অনেক প্রশাসনিক কর্মকর্তাকে অনুপস্থিত রেখে আপিল বোর্ডে আবেদনকৃত অর্ডিনারী প্রার্থীর ভোট পুনঃগণনা করলে তা স্বচ্ছতা হারায় এবং ফলাফল প্রশ্নবিদ্ধ হয়।
এদিকে মঙ্গলবার দুপুরে শহরের বেঙ্গল কনভেনশন হলে ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে ২০২৪-২০২৫ সালের পরিচালনা পর্ষদ নবনির্বাচিত ২০২৬-২০২৭ সালের পর্ষদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
উল্লেখ্য, ১১ ডিসেম্বর চেম্বার ভবনে ২০২৬-২০২৭ সালের নির্বাচনে জামায়াত প্যানেলে অর্ডিনারী পদে বিজয়ী হন, প্রকৌশলী মো: মোয়াজ্জেম হোসেন, সৈয়দ মহিউদ্দিন আহমদ শাহিন, মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী (মোর্শেদ), মো: আবু নোমান মুয়িন ও জহিরুল ইসলাম জাকির। বিএনপি সমর্থিত প্যানেলে বিজয়ী হন, হাসান আহমেদ জাবেদ, মো: আব্দুল মুকিত, সাইফুল ইসলাম টুটুল, এমদাদুল হক এমাদ, হাফেজ আহমদ মাহমুদ, হানিফ মোহাম্মদ খান নিয়াজ ও আবুল কালাম বেলাল।
নির্বাচনে এসোসিয়েট পদে বিজয়ী হন, বিএনপি প্যানেলে মো: রুবেল মিয়া, মির্জা সোহেল বেগ, মো: দেলোয়ার হোসেন ও সৈয়দ সালমান আহমেদ জুমন। জামায়াত প্যানেলে মো: আলখাছ উর রহমান ও মো: মোক্তাদির হোসাইন। ২১ ডিসেম্বর পূণরায় ভোট গণনা করে আবুল কালাম বেলাল ও প্রকৌশলী জহিরুল ইসলাম জাকিরকে বাদ দিয়ে এমরোজ আহমেদ ও রাহিদ আহমেদ জাকির’কে বিজয়ী ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *