শ. ই. সরকার :: মৌলভীবাজারে ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে ২৫ আগস্ট সোমবার। দেশের সার্বিক নিরাপত্তা ও আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সম্পন্ন এ ভিডিপি অ্যাডভান্সড কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে মৌলভীবাজার শহরতলীর জগন্নাথপুরস্থ আনসার-ভিডিপি প্রশিক্ষণ কেন্দ্রে। আনসার ও ভিডিপি’র মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মোঃ শাহ নেওয়াজ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনসার ও ভিডিপি’র সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক মোঃ জিয়াউল হাসান। বিশেষ অতিথি ছিলেন ২৪ আনসার ব্যাটালিয়নের পরিচালক মোঃ এনামুল খান।

প্রধান অতিথির বক্তব্যে উপ-মহাপরিচালক জিয়াউল হাসান প্রশিক্ষণার্থীদেরকে সততা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহবান জানান। তিনি বলেন- দেশকে ভালোবাসা মানে হলো নিজেকে একজন যোগ্য সুনাগরিক হিসেবে গড়ে তোলা। সত্য কথা বলা, সৎপথে চলা, নম্র-ভদ্র হওয়া এবং দেশের মর্যাদাহানি হয় এমন কাজ থেকে বিরত থাকাই প্রকৃত দেশপ্রেম। তিনি প্রশিক্ষণার্থীদেরকে এভিএমআইএস সফটওয়্যারে যুক্ত হবার নির্দেশনা প্রদান করেন এবং মহাপরিচালকের হাতে নেয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প, যেমন- সঞ্জীবনী প্রজেক্ট বাস্তবায়নে সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান। এছাড়াও মাদক, বাল্যবিবাহ ও চোরাচালান প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার এবং এলাকার যেকোনো অপরাধের তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর নির্দেশ দেন। 
উপ-মহাপরিচালক বলেন- বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। তথ্যই শক্তি। তোমাদেরকে উদ্যোক্তা হয়ে উঠতে হবে। মানুষকে ধ্বংস করা সম্ভব, কিন্তু পরাজিত করা যায় না। চেষ্টা থাকলেই সফল হওয়া সম্ভব। তিনি আসন্ন নির্বাচন, পূজা এবং অন্যান্য দায়িত্বে প্রশিক্ষণার্থীদেরকে সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডার হিসেবে ভূমিকা রাখার পরামর্শ দেন। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে বেস্ট ড্রিল, বেস্ট ডিসিপ্লিন এবং সেরা চৌকস প্রশিক্ষণার্থীকে পুরস্কার ও সনদ প্রদান করা হয়।

