শ. ই. সরকার :: মৌলভীবাজারে সরকারী মহিলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক আনিছুর রহমান এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোস্তাফিজুর রহমানসহ ৪/৫ জন শিক্ষকের অসদাচরণ ও মানহানিকর মন্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের অভিভাবকরা। ২১ আগষষ্ট বৃহস্পতিবার সকাল ১১টায় স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে উদ্ভুত ঘটনার বিস্তারিত বিবরণ উপস্থাপন করে স্কুলের ছাত্রছাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের দাবী এবং মহিলা কলেজ শিক্ষকদের মানহানিকর মন্তব্য আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে প্রত্যাহারের অনুরোধ জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়- দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের ৭ থেকে ১৬ বছর বয়সী ১২ শতাধিক ছাত্রছাত্রী ও মহিলা কলেজের ৫ শতাধিক ছাত্রী ১৬ ফুট প্রস্থবিশিষ্ট সড়ক দিয়ে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানে আসে। এ কারণে আদালত সড়কে সংযুক্ত উক্ত সড়কটির প্রবেশমুখ থেকে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের প্রবেশপথ ও মহিলা কলেজের প্রবেশপথ পর্যন্ত ছাত্রছাত্রী এবং অভিভাবকদের ভীড়ে গিজগিজ থাকে। এসময় আদালত সড়কে সংযুক্ত উক্ত সড়কটির প্রবেশমুখে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্টসহ ৫/৭ জন পুলিশ সদস্যকে হিমশিম খেতে হয়।
এ পরিস্থিতি থেকে রক্ষার জন্য সকাল ৮:৩০ থেকে ৯ টা ও দুপুর ১:৩০ থেকে ২:২০ পর্যন্ত এ সড়কে যানবাহন চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেয়া হয়। কিন্তু, মহিলা কলেজের ৪/৫ জন শিক্ষক এ সিদ্ধান্ত্ না মেনে তাদের নিজস্ব গাড়ী ও রিকশা নিয়ে কলেজে আসতে থাকেন। এ নিয়ে গত কয়েকদিন ধরে তাদের সাথে অভিভাবকদের বাকবিতন্ডা চলছে। স্কুলের ছাত্রছাত্রীদের নিরাপদে নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিতকরণে পদক্ষেপ গ্রহণের দাবীতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপি দেয়া হলেও কোন ব্যবস্থা নেয়া হয়নি।
অভিভাবকরা আরও অভিযোগ করেন- মহিলা কলেজের ৪/৫ জন শিক্ষক ইতিপূর্বে অন্য জেলায় কর্মরত থাকাবস্থায় ফ্যাসিবাদের দোসর হিসেবে কাজ করায় জনসাধারণের রোষানলে পড়ে তদবির করে এ কলেজে বদলী হয়ে এসেছেন। তারা স্থানীয় ২/৩ জন ফ্যাসিবাদের দোসর সাংবাদিকের ইন্ধনে শান্তিপূর্ন মৌলভীবাজার জেলাকে অশান্তিপূর্ন করার লক্ষ্যে দুটি স্বনামধন্য প্রতিষ্ঠানের মধ্যে বিরোধ সৃষ্টির পায়তারা চালাচ্ছেন।
অভিভাবকদের পক্ষে বক্তব্য রাখেন দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের পরিচালনা কমিটির সদস্য মতিন বখস, জি এম মুক্তাদির রাজ, ফুয়াদ জামান, আবুল কালাম বেলাল প্রমুখ। তারা অবিলম্বে দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুলের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিতকরণে এবং মহিলা কলেজের অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।

