সুরমার ঢেউ সংবাদ :: হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা মেরাশানি গ্রামের গৃহবধূ মাধবী রাণী দাস (৩২) ও তার ৭ বছর বয়সী শিশুকন্যা হিমাদ্রী রাণী দাস মুন এর সন্ধান মিলেনি এখনও। এ ব্যাপারে মাধবদী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। গত ৯ আগস্ট শনিবার সকালে নরসিংদীর মাধবদী থেকে বাসযোগে হবিগঞ্জের মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হবার পর থেকেই তাদের কোন সন্ধান পাওয়া যাচ্ছে না বলে দাবি করেছেন মাধবী রাণী দাসের স্বামী বিভু দত্ত।
তিনি জানান- শিশুকন্যা হিমাদ্রী রাণী দাস মুন-কে নিয়ে তার স্ত্রী মাধবী রাণী দাস মাধবদী থেকে ঢাকা-সুনামগঞ্জ রুটের একটি বাসে মাধবপুরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিলেন। সকাল ৯টার দিকে মোবাইল ফোনে স্ত্রী মাধবী রাণী দাসের সঙ্গে শেষবারের মতো কথা হয় বিভু দত্তের। এরপর থেকে স্ত্রী মাধবী রাণী দাসের ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। দিনভর অপেক্ষা এবং বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও স্ত্রী ও শিশুকন্যার সন্ধান না পেয়ে পরদিন বিভু দত্ত মাধবদী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

