অস্ত্রোপচার চলাকালে রোগীর বায়ুত্যাগে লেজারে আগুন লেগে পুড়লো রোগীর পা

অস্ত্রোপচার চলাকালে রোগীর বায়ুত্যাগে লেজারে আগুন লেগে পুড়লো রোগীর পা

সুরমার ঢেউ সংবাদ :: জরায়ুর সমস্যা সমাধানে হাসপাতালে গিয়েছিলেন জাপানি এক নারী। চিকিৎসকেরা বললেন- তেমন কিছু না, লেজার সার্জারি করলেই ঠিক হয়ে যাবে। সব আনুষ্ঠানিকতা সেরে তিনি নিশ্চিন্তে অস্ত্রোপচার টেবিলে শুয়ে পড়লেন। কিন্তু, কে জানত এ অস্ত্রোপচারই হয়ে উঠবে তাঁর জীবনের সবচেয়ে ‘জ্বলন্ত’ অভিজ্ঞতা ! মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের খবরে বলা হয়েছে- ঘটনাটি ঘটেছে টোকিও মেডিকেল ইউনিভার্সিটি হাসপাতালে। ত্রিশের কোটায় থাকা সেই নারী অস্ত্রোপচারের সময় হঠাৎ একটু পেট হালকা করেছিলেন। মানে, একটু বায়ু ত্যাগ করেছিলেন আরকি। আর, সেই ‘বায়ুর ঝাঁজই’ লেজারের সঙ্গে মিলে এমন আগুন লাগলো যে, তাঁর পা পুড়ে গেলো !
হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করে যে রিপোর্ট দিয়েছে, তা আরও বিস্ময়কর। এতে বলা হয়েছে, ‘রোগীর অন্ত্র থেকে নির্গত বায়ু লেজারের বিকিরণে জ্বলে উঠে আগুনের সৃষ্টি করে। সে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অস্ত্রোপচারের কাপড়ে এবং এতে রোগীর পা দগ্ধ হয়’। এমন ব্যতিক্রমী খবর ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় ওঠে। অনেকেই ভাবছেন- এটা কি সত্যিই ঘটেছে, নাকি কোনো মজার সিনেমার দৃশ্য ? নিউইয়র্কের বাসিন্দা আর্থার ব্রডস্কি তো সরাসরিই বলে ফেলেছেন, ‘এটা যেন টম অ্যান্ড জেরি বা সাউথ পার্কের কোনো পর্ব ! বাস্তবে এমনটা হয় নাকি’ ? স্ট্যাটেন আইল্যান্ডের অ্যাঞ্জেলিনা থমাস বলেন, ‘অপারেশনের সময় মৃত্যু ভয়ংকর ঠিকই, কিন্তু যদি সেটা শুধু বায়ু ত্যাগের কারণে হয়- তাহলে তো তা দুঃস্বপ্নের চেয়েও খারাপ’ ! তবে চিকিৎসকেরা বলছেন, এমন ঘটনা ভয় পাওয়ার মতো কিছু নয়, বরং খুবই দুর্লভ।
লেনক্স হিল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রবার্ট গ্ল্যাটার বলেন, ‘এটা খুবই অস্বাভাবিক একটা ঘটনা। আমি সন্দেহ করি- শুধু গ্যাস নয়, অন্য কিছু যেমন অ্যালকোহলজাত অ্যান্টিসেপটিক দ্রব্যও এ আগুন লাগার জন্য দায়ী হতে পারে। অস্ত্রোপচারের আগে সেগুলো না শুকালে এমন ঝুঁকি থেকে যায়’। তবে টোকিওর হাসপাতাল কর্তৃপক্ষ এর দায় নিতে নারাজ। তাদের বক্তব্য, সব চিকিৎসা সরঞ্জাম ঠিকঠাক কাজ করছিল। অতএব, একমাত্র দোষী- রোগীর অন্ত্রের সেই ‘রহস্যময় বায়ু’ ! নিউ জার্সির ডেমিয়ান হ্যান্ডজি আবার বিষয়টা একদম হালকাভাবে নিয়েছেন। তিনি বলেন, ‘দিনে দিনে এমন সব ঘটনা ঘটছে, এটা তো আর কোনো ভয়ের ব্যাপার না। বরং গল্প করার মতো জিনিস’ ! এদিকে অনেকে ঠাট্টা করে বলছেন, ‘লেজার সার্জারির আগে শুধু না খেয়ে থাকলেই হবে না, পেট একেবারে খালি করে আসতে হবে’ ! সূত্র : আজকের পত্রিকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *