মাছুম আহমদ, জুড়ী (মৌলভীবাজার) :: ব্যতিক্রমী উদ্যোগে মানবিক সহায়তা নিয়ে চা বাগানের নিম্ন আয়ের অসহায় মানুষের পাশে দাঁড়ালেন মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের রত্নার কৃতি সন্তান, রত্না প্রভাতী ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা সভাপতি, ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, সাবেক ফুটবলার, পর্তুগাল প্রবাসী মাহবুব হাসান সাচ্চু।
তিনি নিজ অর্থায়নে গোয়ালবাড়ী ইউনিয়নের ৫টি চা বাগানের ৮০০ চা শ্রমিকের মাঝে রেইন কোট বিতরণ করেছেন। রেইন কোট বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জুড়ী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব মোঃ সোহেল আহমদ, রত্না চা বাগান পরিচালনা কমিটির সভাপতি সুমন ঘোষ, সমাজ সেবক রুবেল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
স্বপ্নের জুড়ী টিভিকে মাহবুব হাসান সাচ্চু জানান- বৃষ্টিতে ভিজে চাপাতা উত্তোলন করতে চা শ্রমিক মা-বোনদের অনেক কষ্ট হয়। বৃষ্টিতে ভিজে কাজ করার কারণে তাদের নানা অসুখ-বিসুখ হয়। তাদের কষ্টের কথা চিন্তা করে আমি এ উদ্যোগ গ্রহণ করেছি। সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত মানুষের কল্যানে কাজ করে আমি তৃপ্তি লাভ করি। যুবসমাজকে খেলাধুলার পাশাপাশি মানবিক কাজে সম্পৃক্ত করে মাদক, অশ্লীলতা, ইভটিজিং ও হানাহানিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করাই আমার লক্ষ্য উদ্দেশ্য। তিনি আরো বলেন- আমি দীর্ঘদিন থেকে বন্যাসহ বিভিন্ন দুর্যোগ মুহূর্তে ও করোণা মহামারীর সময় ত্রাণ বিতরণ করেছি। মাদ্রাসা, স্কুল, মসজিদ, মন্দির প্রভৃতি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করে আসছি। আমার এসব কর্মকান্ডে আপনাদের সবার দোয়া ও সহযোগীতা আশা করছি।
সদর জায়ফর নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা বলেন- মাহবুব হাসান সাচ্চুর এরকম কার্যক্রমে চা শ্রমিকরা খুবই আনন্দিত।
জুড়ী উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর বলেন- রেমিটেন্স যোদ্ধা মাহবুব হাসান সাচ্চুর এ ব্যতিক্রমী ও চমৎকার উদ্যোগকে ধন্যবাদ জানাই। তিনি আরো বলেন- যদি সুযোগ থাকে তাহলে আর্থিক সহায়তা নিয়ে অসহায় মহিলাদের পাশে দাঁড়ানোর আহবান জানাই।

