সুরমার ঢেউ সংবাদ :: পুলিশের সরকারি গাড়ি নিয়ে ডাকাতির ঘটনায় পুলিশ সদস্যসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতদের মধ্যে বর্তমান ও সাবেক পুলিশ সদস্য ও নৌ-বাহিনীর সদস্য রয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- পুলিশ সদর দপ্তরে কর্মরত কনস্টেবল মো. রুবেল, চাকরিচ্যুত কনস্টেবল কাজল ইসলাম, চাকরিচ্যুত নৌ-বাহিনীর সদস্য রিয়াজুল জান্নাত, সিয়াদাত রাজ ও রহমত আলী। র্যাব ও পুলিশের সমন্বয়ে গত শনিবার সকাল থেকে রাত পর্যন্ত বিশেষ অভিযানে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুলিশ সদর দপ্তরের একটি সরকারি গাড়ি ব্যবহার করে এ চক্রটি রাজধানীর নিউমার্কেট এলাকায় এক প্রবাসীর মালামাল লুট করে। পরে তারা রূপগঞ্জের পূর্বাচল এলাকায় জনতার হাতে আটক হয়।’
তিনি জানান- খবর পেয়ে পুলিশ ও র্যাব সেখানে গেলে ডাকাতির বিষয়টি সামনে আসে। তখন ২ জনকে আটক করা হয়। পরে র্যাব ও পুলিশের যৌথ অভিযানে আরো ৩ জনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৬ ভরি স্বর্ণালঙ্কার, ৭টি ল্যাপটপ, ২৮টি মোবাইল ফোন, ৫৩ কার্টন সিগারেটসহ বিপুল পরিমাণ প্রসাধনী, গুড়া দুধ ও কাপড় জব্দ করা হয়। এছাড়া, একটি প্রাইভেটকার, হ্যান্ডকাফ, ওয়াটকিও জব্দ করা হয় বলে ওসি জানান।

