সুরমার ঢেউ সংবাদ :: মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় বাবাকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যাকারী পলাতক পুত্র নোমান হোসেনকে (২৭) কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর অভিযানিক দল। ১৮ ডিসেম্বর বুধবার রাতে কুমিল্লা র্যাবের সহযোগিতায় র্যাব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
চলতি বছরের ২৪ নভেম্বর রাতে বড়লেখা থানার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের কলাজুরা গ্রামের নোমানের সঙ্গে সুজানগর ইউনিয়নের এক মেয়ের বিয়ের কথাবার্তা চলছিল। মেয়েপক্ষ অতিরিক্ত দেনমোহর দাবি করায় নোমানের বাবা মামুন মিয়া এতে রাজি ছিলেন না। বিষয়টি নিয়ে মামুন মিয়ার সঙ্গে পুত্র নোমানের কথাকাটাকাটির একপর্যায়ে নোমান কুড়াল দিয়ে বাবা মামুন মিয়ার গলার পাশে আঘাত করলে মামুন মিয়া নিহত হন। এসময় নোমান পালিয়ে যায়। এ ঘটনায় বড়লেখা থানায় একটি হত্যা মামলা দায়ের হয়। ১৮ ডিসেম্বর বুধবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানার দেবপুর এলাকায় অভিযান চালিয়ে পলাতক পুত্র নোমানকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৯ সিলেটের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. মশিহুর রহমান সোহেল বিষয়টি নিশ্চিত করে জানান- গ্রেপ্তারকৃত নোমানকে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।

