সুরমার ঢেউ সংবাদ :: মাদকসেবীদের চুরিচামারিতে অতীষ্ট হয়ে উঠেছেন মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নস্থিত উলুয়াইল গ্রামবাসী। প্রতিনিয়ত ঘটছে চুরি চামারীর ঘটনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এ ব্যাপারে অভিযোগ করেও কোন প্রতিকার মিলছেনা।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে- গ্রামের মাদক সেবীদের মধ্যে মৃতঃ আব্দুল করিম চক্করের পুত্র জাহাঙ্গীর, মৃতঃ হারুণ মিয়ার পুত্র কয়েছ ও মৃতঃ মতি মিয়ার পুত্র আলাল এর নেতৃত্বে এলাকায় একটি চোরচক্র গজিয়ে উঠেছে। মাদকের চাহিদা মেটাতে তারা প্রতিনিয়ত চুরি চামারীতে লিপ্ত রয়েছে। গত একমাসে এলাকায় ছোট বড় ১১টি চুরির ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছেন। তন্মধ্যে গ্রামের শাহ সবুর (রঃ) এর মাজার এবং মন্নাফ শাহ (রঃ) এর মাজারের দানবাক্স ভেঙ্গে টাকা আসবার পত্র চুরির ঘটনা অন্যতম। গত ১৮ জানুয়ারী রাতে জনৈকের কোয়েল পাখী খামারের জানালা ভেঙ্গে ৫০টি কোয়েল পাখী চুরি হয়েছে। গত ২১ জানুয়ারি সন্ধ্যায় ইলেক্ট্রিশিয়ান হাদী মিয়া একটি দোকানের পাশে বাইসাইকেল রেখে একটি জানাজা অনুষ্ঠানে গিয়ে ফিরে এসে তার বাইসাইকেলটি পাননি।গত ১৭ জানুয়ারি রাতে গ্রামের লাছ নদীতে পানি সেঁচরত অবস্থায় পাম্প মেশিন রেখে পাম্প মালিক জরীফ মিয়া বাড়ীতে খাবার খেতে গিয়ে ফিরে এসে তার পাম্প মেশিনটি পাননি। এলাকাবাসী জানিয়েছেন- গ্রামের বাড়ীগুলোর গাছের নারকেল ও সুপারি রাখা যাচ্ছেনা চোরদের দৌরাত্ম্যে। এমনকি গৃহের বারান্দার বৈদ্যুতিক বাল্বও নিরাপদ নয়।
জানা গেছে- গ্রামের আশ্রয়ণ প্রকল্পে একটি মাদক আস্তানা গড়ে উঠেছে গত দুবছর আগে। মৃতঃ লাল মিয়ার পুত্র সাজন এখান থেকে বিভিন্ন এলাকায় গাঁজা সরবরাহ করছে। শুধু তাই নয়, সাজনের আশ্রয় প্রশ্রয়ে নতুন নতুন মাদকসেবীও সৃষ্টি হচ্ছে। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এবং থানাকে এ ব্যাপারে অবহিত করা হলেও কার্য্যকর কোন পদক্ষেপ নেয়া হচ্ছেনা বলে অভিযোগ উঠেছে।

