সুরমার ঢেউ সংবাদ :: ‘জ্ঞানের আলোয় আলোকিত, মানবতার জন্য নিবেদিত’ স্লোগান নিয়ে লন্ডন-বাংলাদেশ ভিত্তিক ইসলামি স্যাটেলাইট টিভি চ্যানেল ‘দ্বীন টিভি’ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে। মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার কনফারেন্স হলে জমকালো আয়োজনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে চ্যানেলটির শুভ উদ্বোধন হয়েছে। চ্যানেলটির চেয়ারম্যান হলেন ব্রিটেনের জনপ্রিয় মিডিয়া ব্যক্তিত্ব, ঐতিহ্যবাহী বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শেখ বদরুল আলম হামিদী। ব্রিটেনে বেশ কয়েকটি বাংলা টিভি চ্যানেল চালু আছে। এগুলোর বেশিরভাগই বাংলাদেশের টিভি চ্যানেলের সঙ্গে সম্পর্কিত। কিন্তু, ‘দ্বীন টিভি’ পূর্ণাঙ্গ টেলিভিশন চ্যানেল হিসেবে অনুমোদন পেয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি শেষে দ্রুততম সময়ের মধ্যে চ্যানেলটি সম্প্রচারে আসবে বলে জানিয়েছেন দ্বীন টিভি চ্যানেলের চেয়ারম্যান মাওলানা শেখ বদরুল আলম হামিদী। তিনি আরও বলেন- ‘দীর্ঘ দেড় যুগের বেশি সময় ধরে আমি মিডিয়ায় কাজ করে আসছি। বিভিন্ন সময় আমার বন্ধুমহল, আপনজন একটি ইসলামি মিডিয়া প্রতিষ্ঠার জন্য অনুপ্রেরণা দিয়ে আসছিলেন। তাছাড়া আমি খুব নিবিড়ভাবে একটি টেলিভিশন চ্যানেলে ৬ বছরের বেশি সময় কাজ করার পর বিভিন্ন কারণে সেখান থেকে চলে আসি। তখন থেকেই ইচ্ছা ছিল একটি চ্যানেল প্রতিষ্ঠার। ইন্তেকালের আগে আব্বাজান (রহ.)-এর সঙ্গে বিষয়টি নিয়ে পরামর্শ করি। তিনিও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। এভাবেই কাজ শুরু, এখন একেবারে শেষ পর্যায়ে। সবার সমর্থন, দোয়া ও ভালোবাসা পেলে আশা করি পথচলা সহজ হবে। দ্বীন টিভির উদ্বোধন উপলক্ষ্যে সোমবার বরুণায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন অধিবেশনে আলোচনায় বরুণা মাদরাসার সদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান বর্ণভী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম ইউকে এর প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির মাওলানা ওলীউর রহমান বর্ণভী, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাবেক মহাপরিচালক শায়খুল হাদিস অধ্যাপক আল্লামা যুবায়ের আহমদ চৌধুরী, দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী, বানিয়াচং সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবদাল হোসেন খান, ইসলাম টাইমস সম্পাদক মাওলানা শরীফ মুহাম্মদ, ইসলামিক ফাউন্ডেশন উপ-পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, বড়লেখা সরকারি ড্রিগ্রী কলেজের অধ্যাপক মাওলানা আবদুস সবুর, কবি ও ইতিহাস বিশ্লেষক মাওলানা মুসা আল হাফিজ, বার্তা২৪.কম-এর বিভাগীয় প্রধান মুফতি এনায়েতুল্লাহ ও টেলিভিশনের জনপ্রিয় ইসলামি আলোচক মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী প্রমুখ অংশ নেন।

