সুরমার ঢেউ সংবাদ :: দীর্ঘ প্রায় ১৪ বছরে ডা. আহমেদ ফয়সল জামানকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে। ১৪ অক্টোবর বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রজ্ঞাপনে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের রেসিডেন্সিয়াল মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহমেদ ফয়সল জামানকে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে প্রত্যাহারপূর্বক মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলা হেল্থ এন্ড ফেমিলী প্ল্যানিং অফিসার (ইউএইচএফপিও) হিসাবে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলী করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ বদলি ও পদায়নের আদেশ দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে মহাপরিচালকের পক্ষে স্বাক্ষর করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডা. আহমেদ ফয়সল জামানকে তাঁর বর্তমান কর্মস্থল মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল থেকে সরিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, আদেশ জারির পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিকট দায়িত্ব হস্তান্তর করতে হবে। অন্যথায় ষষ্ঠ কর্মদিবস থেকে সরাসরি অবমুক্ত বলে গণ্য হবার বিধান রাখা হয়েছে। এছাড়া পদায়নকৃত কর্মস্থলে যোগদান বাধ্যতামূলক করা হয়েছে। নির্ধারিত কর্মস্থলে যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে গণ্য হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হতে পারে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে।
ডাঃ আহমেদ ফয়সল জামানকে বদলীর মধ্য দিয়ে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে পরিবর্তন এসেছে। তবে, এ বদলীর পেছনে নির্দিষ্ট কোনো অভিযোগ, তদন্ত কিংবা শাস্তিমূলক ব্যবস্থা রয়েছে- এমন কোনো তথ্য প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
উল্লেখ্য- ডাঃ আহমেদ ফয়সাল জামান ১ ডিসেম্বর ২০১২ সালে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে যোগদান করে অদৃশ্য খুঁটির জোরে প্রায় ১৪ বছর কাটিয়ে দিয়েছেন একই কর্মস্থলে। ফলে, যা হবার তা-ই হয়েছে। বিনয় শীল, রেখা বণিক প্রমুখ অনিয়ম ও স্বেচ্ছাচারী কর্মচারীদেরকে নিয়ে কায়েম করেছিলেন স্বেচ্ছাচারিতার রামরাজত্ব।

