মৌলভীবাজারে ২টি গভীর নলকূপ ও ১টি বেটারীচালিত রিকশা প্রদান করলো বিআইএস ইন্টারন্যাশনাল

মৌলভীবাজারে ২টি গভীর নলকূপ ও ১টি বেটারীচালিত রিকশা প্রদান করলো বিআইএস ইন্টারন্যাশনাল

রুহুল আলম রনি :: মৌলভীবাজারে ২টি গভীর নলকূপ ও ১টি বেটারীচালিত রিকশা প্রদান করলো বিআইএস ইন্টারন্যাশনাল। বিআইএস ইন্টারন্যাশনাল হচ্ছে শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার এর আন্তর্জাতিক শাখা। বিআইএস ইন্টারন্যাশনাল এর স্থায়ী প্রকল্প ২০২৬ এর আওতায় এ ২টি গভীর নলকূপ ও ১টি বেটারীচালিত রিকশা প্রদান করা হয়েছে।
সদর উপজেলার উত্তর জগন্নাথপুরস্থ বোরহানাবাদে বিআইএস এর স্থায়ী প্রকল্পে এবং কামালপুর ইউনিয়নের রাধানগর গ্রামে দুটি গভীর নলকূপের একটি প্রদান করা হয়। পাশাপাশি নালিউড়ি গ্রামের একটি অসহায় পরিবারকে ১ লক্ষ ৮০ হাজার টাকা মূল্যের একটি বেটারীচালিত রিকশা প্রদান করা হয়- যাতে পরিবারটি স্বাবলম্বী হয়ে নিজের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারে। গত ৯ সেপ্টেম্বর বুধবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে প্রকল্পগুলো হস্তান্তর করা হয়।
হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মুহিবুর রহমান মুহিব। প্রধান অতিথি ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক, যুক্তরাজ্য প্রবাসী মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও কালের কণ্ঠ শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ফাহাদ আলম।
এসময় হিউম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক মোঃ মিজান খানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রকল্পগুলো সমন্বয় করেন সমাজকর্মী আকাইদ আহমদ ও নেসার আহমেদ। সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সাংগঠনিক সচিব কামরান চৌধুরী, যুগ্ম সাংগঠনিক সচিব কামরুল হাসান, সমাজ কল্যাণ সচিব হুসাইন আহমদ, কার্যকরী পরিষদের সদস্য আশরাফুল ইসলাম তানভীর, টিম মেম্বার মাহমুদ হাসান, হৃদয় মিয়া, জুবায়ের আহমেদ রাহিম, রাজন আহমেদ প্রমুখ। বেটারীচালিত রিকশাটি সার্বিকভাবে তত্ত্বাবধান করবে স্বপ্নছোঁয়া ফাউন্ডেশন, নালিহুড়ি।
প্রকল্পটির সার্বিক সমন্বয় করেন বিআইএস ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট আবুল হাসান চৌধুরী, চিফ অর্গানাইজার সিরাজুল হাসান, চিফ অর্গানাইজার (ইউরোপ) মোঃ সোহানুর রহমান সোহান এবং পাবলিক অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি রেদওয়ান আহমেদ।
মৌলভীবাজার জেলার ঐতিহ্যবাহী সামাজিক ও মানবিক সংগঠন শেখ বোরহান উদ্দিন (রহ.) ইসলামী সোসাইটি (বিআইএস), মৌলভীবাজার-এর সাবেক নেতৃবৃন্দ, যারা বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে বসবাস করছেন, তাদের সমন্বয়ে গঠিত বিআইএস ইন্টারন্যাশনাল। মানুষ ও মানবতার কল্যাণে নিজেদের পরিশ্রমে অর্জিত অর্থ ব্যয় করে বিআইএস ইন্টারন্যাশনাল যে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে, তা সত্যিই প্রশংসনীয়। অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তাদের স্বাবলম্বী করে তোলা এবং সমাজের কল্যাণে কাজ করার এ মহৎ উদ্যোগ ভবিষ্যতেও আরও বিস্তৃত হোক, মানুষের জন্য, মানবতার জন্য বিআইএস ইন্টারন্যাশনালের পথচলা অব্যাহত থাকুক, এটাই প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *