টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে ইউকেবিসিসিআই-এর সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত

টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে ইউকেবিসিসিআই-এর সংবর্ধনা ও নৈশভোজ অনুষ্ঠিত

লন্ডন অফিস :: টাওয়ার হ্যামলেটসের পুনর্নির্বাচিত এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমানকে ইউকে-বাংলাদেশ ক্যাটালিস্ট অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ইউকেবিসিসিআই)-এর সংবর্ধনা নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে ২১ জুলাই মঙ্গলবার সন্ধায়। লন্ডনের ক্যানারি ওয়ার্ফের অভিজাত ভেন্যুতে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটসের চতুর্থবারের মতো এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান। উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ এবং মিডিয়া ব্যক্তিত্ব।
অনুষ্ঠানের শুরুতেই ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই, প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই এবং সংগঠনের পরিচালকবৃন্দ ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মাধ্যমে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে বরণ করে নেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ইউকেবিসিসিআই-এর ডাইরেক্টর ইমাম উদ্দিন আহমেদ। অনুষ্ঠানের শুরুতেই তিনি অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানান।
স্বাগত বক্তব্যে ইউকেবিসিসিআই-এর প্রেসিডেন্ট এম জি মৌলা মিয়া এমবিই সংগঠনের অগ্রযাত্রা, ঐক্য এবং প্রবাসী উদ্যোক্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শক্তিশালী বন্ধনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ইউকেবিসিসিআই-এর ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যবসায়ী সমাজের উন্নয়নে সংগঠনের কার্যক্রম এবং কমিউনিটির জন্য নিরলসভাবে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।
ইউকেবিসিসিআই-এর চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিই তাঁর বক্তব্যে ব্রিটিশ-বাংলাদেশি ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ইউকেবিসিসিআই-এর দীর্ঘমেয়াদি ভিশন তুলে ধরেন। তিনি যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ এবং অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন এবং এই লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ সরকারের ধারাবাহিক সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
প্রধান অতিথি টাওয়ার হ্যামলেটসের এক্সিকিউটিভ মেয়র লুৎফুর রহমান তাঁকে সম্মান জানিয়ে সংবর্ধনার আয়োজন করায় ইউকেবিসিসিআই-কে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি তরুণ উদ্যোক্তাদের এগিয়ে এসে নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টি, ব্রিটিশ অর্থনীতিতে আরও সক্রিয় ভূমিকা রাখা এবং ব্রিটিশ-বাংলাদেশিব্যবসায়ী সমাজকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। তিনি বলেন, টাওয়ার হ্যামলেটস কাউন্সিল আরও সাশ্রয়ী আবাসন নির্মাণ, নতুন কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় ব্যবসাকে সহায়তা এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণে দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ।
সংসদ সদস্য নাসের রহমান অনুষ্ঠান আয়োজনের জন্য ইউকেবিসিসিআই-কে ধন্যবাদ জানান এবং ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটির অর্থনৈতিক ও সামাজিক অবদানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দিন দিন আরও শক্তিশালী হচ্ছে। তিনি আরও উল্লেখকরেন, বর্তমান বাংলাদেশ সরকার জনগণের জীবনমান উন্নয়ন এবং দেশি-বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের জন্য আরও অনুকূল ও বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর।
বাংলাদেশ হাইকমিশনের ফার্স্ট সেক্রেটারি ওয়ালিদ মোহাম্মদ তাঁর বক্তব্যে বাংলাদেশের বিনিয়োগ সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের জন্য একটি উপযুক্ত সময়। তিনি বাংলাদেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ-সুবিধা তুলে ধরে প্রবাসী ব্যবসায়ীদের দেশের উন্নয়নে অংশীদার হওয়ার আহ্বান জানান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এনটিভি ইউরোপের সিইও সাবরিনা হোসাইন, চ্যানেল এস টিভির প্রতিষ্ঠাতা মাহিফেরদৌস এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাইসির মাহমুদ। তাঁদের বক্তব্যে প্রবাসী জীবনের সংগ্রাম,সাফল্য ও সম্ভাবনার এক বাস্তব চিত্র ফুটে ওঠে। আরও বক্তব্য রাখেন সিনিয়র জার্নালিস্টওকমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী এবং টাওয়ার হ্যামলেটস এর ফাইনান্সিয়াল ক্যাবিনেট মেম্বার আবু তালহা চৌধুরী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়রের স্ট্রাটেজিক অ্যাডভাইজার মোহাম্মদ যুবায়ের এবং বিজনেস অ্যান্ড স্কিলস ক্যাবিনেট মেম্বার কাউন্সিলর সোনালিমিয়া, Q News সাংবাদিক এম এ কাইয়ুম, Channel i সাংবাদিক শাহ এমি হুসেইন এবং সাংবাদিক ফজলুল হক।
অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথি, বক্তা ও সদস্যদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে ভোট অফ থ্যাঙ্কস প্রদান করেন ইউকেবিসিসিআই-এর সিনিয়রভাইস প্রেসিডেন্ট এ কিউ খালিক (জামাল)।
ইউকেবিসিসিআই-এর সাবেক প্রেসিডেন্ট নাজমুল ইসলাম নুরু, লন্ডন রিজিওনাল প্রেসিডেন্ট কমরু আলী, মিডল্যান্ডস রিজিওনাল প্রেসিডেন্ট ইমাম উদ্দিন আহমেদ, ইস্ট অব ইংল্যান্ড রিজিওনাল প্রেসিডেন্ট সিদ্দিকুর রহমান জয়নাল, ফাইন্যান্সডিরেক্টর ড. জস ইউ আহমেদ, লিগ্যালঅ্যাফেয়ার্স ডিরেক্টর ব্যারিস্টার আনোয়ার মিয়া, ডিরেক্টর অলি খান এমবিই, ডিরেক্টর হারুন মিয়া, ডিরেক্টর ফারজানা হোসাইন নীলা, ডিরেক্টর আব্দুল লতিফ কাউসারসহ সংগঠনের অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল নৈশভোজের পাশাপাশি কেক কাটা পর্ব- যা উপস্থিত অতিথিদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে। সামগ্রিকভাবে, এই অনুষ্ঠানটি শুধু একটি সংবর্ধনা ছিলনা; এটি ছিল ভালোবাসা, ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, বন্ধন এবং ভবিষ্যতের নতুন স্বপ্ন বুননের এক আবেগঘন ও অনুপ্রেরণামূলক মিলনমেলা।
ইউকেবিসিসিআই ব্যবসায়ী সমাজকে ঐক্যবদ্ধ করতে এবং নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য আরও শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে টাওয়ার হ্যামলেটস এর ব্যবসায়ীদের ব্যবসাবান্ধব পরিবেশ সম্প্রসারনের জন্য ইউকেবিসিসিআই নেতৃবৃন্দ ভবিষ্যতেও এ ধরনের অর্থবহ ও ফলপ্রসূ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *