নিজস্ব সংবাদ :: মৌলভীবাজারে উলুয়াইল ইসলামিয়া আলিম মাদরাসার আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সার্বিক সফলতা কামনা এবং উলুয়াইল ইসলামিয়া এতিমখানার কোষাধ্যক্ষ মরহুম মোঃ আব্দুর রহমান আখলিছ মিয়া সাহেবের মাগফিরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ২২ জুন সোমবার।
মাদরাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদের সভাপতিত্বে ও রনি আহমদের সঞ্চালনায় মাদরাসা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, কৃতিত্বপূর্ণ ফলাফল এবং দেশ, জাতি ও দ্বীনের খেদমতে আত্মনিয়োগের আহ্বান জানিয়ে মূল্যবান বক্তব্য রাখেন
মাদরাসার গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য বকসী কাওছার রশীদ, উত্তর মুলাইম মল্লিক শরাই ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামসুল ইসলাম, কানাডা প্রবাসী আবিল হাছান, গভর্নিং বডির সদস্য সিরাজুল ইসলাম, ভাইস প্রিন্সিপাল মুফতি মোঃ হাবিবুর রহমান, শিক্ষক মাওলানা মোঃ ফারুক মিয়া, মোজাহিদুল ইসলাম আজমী, মাওলানা মোঃ আব্দুর রকিব, মাওলানা মোঃ শামসুদ্দিন প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আলিম পরীক্ষার্থী মোঃ লুকমান আহমেদ। অনুষ্ঠানে পবিত্র নাতে রাসূল (সা.) পরিবেশন করেন সাদিকুর রহমান।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুষ্ঠানের সভাপতি অধ্যক্ষ মাওলানা বশির আহমদ বলেন, “সফলতার জন্য কঠোর পরিশ্রম, আল্লাহভীতি, শৃঙ্খলা ও নিয়মিত অধ্যয়নের কোনো বিকল্প নেই। আলিম পরীক্ষার্থীরা যেন ভালো ফলাফলের মাধ্যমে মাদরাসা, পরিবার ও দেশের সুনাম বৃদ্ধি করতে পারে, সেজন্য আন্তরিক চেষ্টা চালিয়ে যেতে হবে।
সবশেষে মরহুম মোঃ আব্দুর রহমান আখলিছ মিয়া সাহেবের রূহের মাগফিরাত, আলিম পরীক্ষার্থী ২০২৬ ব্যাচের সফলতা, মাদরাসার উত্তরোত্তর উন্নতি এবং দেশ-জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

