শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :: নির্বাচিত হলে আওয়ামীলীগ নেতাকর্মীদের সব মামলা তুলে নেয়ার কথা বলেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার- ৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী হাজী মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি বলেছেন- সবাই জানেন, দল-মত নির্বিশেষে আমি ভোটে আসছি। আমি কইছি (বলেছি) আওয়ামীলীগের নামে যেসব মামলা আছে আমি তা তুলে নেব। তাদের নেতাকর্মীদের ওপর দুষ্কৃতকারীরা মামলা দিয়েছে, এ মামলাগুলো তুলে নেবো। ২৩ জানুয়ারী শুক্রবার রাতে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নে নির্বাচনী উঠান বৈঠকে তিনি একথা বলেন। তার এ বক্তব্যের এ ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
মুজিবুর রহমান চৌধুরী বলেন- আমি আগেও এ আসন থেকে একাধিকবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। পরাজিত হয়েও আমি আপনাদের পাশে ছিলাম। আপনারা চা-বাগানের মানুষ নানা সমস্যায় ভুগছেন। আপনাদের শরীর দেখলেই বোঝা যায়, আপনারা কত কষ্টে আছেন। আমি সংসদে গেলে আপনাদের মজুরি বৃদ্ধি, শিক্ষা, চিকিৎসা ও ভূমির অধিকারের বিষয় উন্নতি করব।
এরপর ২৫ জানুয়ারী রবিবার উপজেলার রাজঘাট চা-বাগানে নির্বাচনী জনসভায় তিনি বলেন- আওয়ামীলীগ নির্বাচনে নেই। তাই, স্বাধীনতার পক্ষের দল হিসেবে আমরা আছি। আপনারা আগে আওয়ামীলীগকে ভোট দিয়েছেন, এখন আমাকে দেন। যদি কোনো দিন আওয়ামীলীগ আবার ফিরে আসে, তখন অন্য চিন্তা করবেন, কাকে ভোট দেবেন।
’

